ই-শপ সূর্যরাজ্যের যাত্রা শুরু
প্রকাশ : ২৪ আগস্ট ২০১৩, ২১:৫৭
ই-কমার্সের কল্যাণে এখন দৈনন্দিন জীবনের কেনাকাটার বড় একটি অংশই সম্পন্ন হচ্ছে অনলাইনে। বিশেষ করে শহুরে নাগরিক জীবনে অনলাইনে কেনাকাটার সুযোগ ক্রেতাদের জন্যও স্বস্তি হয়ে এসেছে। এর বাইরে অনলাইনে কেনাকাটার বড় একটি সুবিধা উপভোগ করতে পারছেন সৃষ্টিশীল কাজের সাথে জড়িতরাও। নতুন সংগীতশিল্পীরা তাদের গান, চিত্রশিল্পীরা তাদের আঁঁকা ছবি কিংবা একজন প্রফেশনাল ফটোগ্রাফার তার তোলা ছবি বিক্রি করতে পারেন অনলাইনেই। বাংলাদেশে এ ধরনের সৃজনশীল কাজগুলোকে তুলে ধরার জন্য প্রয়োজনীয় প্ল্যাটফর্মের অভাব রয়েছে। সেই অভাবকে পূরণ করতেই সম্প্রতি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে সূর্যরাজ্য (https://shurjorajjo.com.bd)।
সূর্যরাজ্য এমন একটি ওয়েবসাইট, যেখানে যে কেউ তার সৃষ্টিশীল কাজকে তুলে ধরতে পারবেন। ফলে শিল্পী নিজেই নিজের সৃষ্টিশীল কাজকে সকলের সামনে উপস্থাপন করার সুযোগ পাবেন। সূর্যমুখী (http://www.shurjomukhi.com)-এর প্রতিষ্ঠাতা ও সিইও ফিদা হকের তত্ত্বাবধানে এই ওয়েবসাইটটি গড়ে উঠেছে। গতকাল শনিবার রাজধানীর রাশিয়ান কালচারাল সেন্টারে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে সূর্যরাজ্য।
প্রধান অতিথি হিসেবে সূর্যরাজ্যের উদ্বোধন করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক সচিব নজরুল ইসলাম খান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নাজনীন সুলতানা, ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী তাকসেম এ খান, অনন্যা সম্পাদক তাসমিমা হোসেন, সংগীতশিল্পী সাদি মুহাম্মদ এবং বিজ্ঞাপনী সংস্থা গ্রে’র ব্যবস্থাপনা পরিচালক গাউসুল আলম শাওন। অনুষ্ঠানে উল্লেখযোগ্যসংখ্যক সংগীতশিল্পী, চিত্রশিল্পী, আলোকচিত্রী, লেখকসহ সৃজনশীল কাজের সাথে সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নজরুল ইসলাম খান বলেন, ‘ই-কমার্সকে সকলের মাঝে পৌঁছে দিতে আমরা কাজ করে যাচ্ছি। ইতোমধ্যেই আমরা ঢাকা, সিলেট এবং চট্টগ্রামে এ নিয়ে মেলা করেছি। ফিদা হক জানান, ‘সূর্যরাজ্য একটি ই-শপ। এখানে যেকোনো সৃষ্টিশীল কাজ বিক্রি করা যাবে। আর এখানে পেমেন্ট সিস্টেম হিসেবে রয়েছে দেশের সর্বোচ্চসংখ্যক ব্যাংক কার্ড আর মোবাইল ওয়ালেট। দেশের পাশাপাশি দেশের বাইরে থেকেও এখানকার পণ্য কেনা যাবে। আর বেচা-কেনার পুরো প্রক্রিয়াটিই সম্পন্ন হবে ই-শপিংয়ের মাধ্যমে।’ উদ্বোধনের পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে আগত অতিথিদের মুগ্ধ করেন শিল্পীরা। -প্রেস বিজ্ঞপ্তি