সোনারগাঁওয়ে অবৈধ গ্যাস সংযোগ
কোটি টাকা হাতিয়ে নিচ্ছে দালাল চক্র
প্রকাশ : ২৪ আগস্ট ২০১৩, ২১:৫৮
জরিমানা প্রদানের মাধ্যমে, যেসব অবৈধচুলা বৈধ করতে গত ২০ জুন পর্যন্ত আবেদন করার সময় বেঁধে দেয়া হয়েছিল। কিন্তু নির্ধারিত সময়ের পর ব্যাপক অভিযান পরিচালনার কথা থাকলেও অবৈধ সংযোগ গ্রহণকারীদের বিরুদ্ধে এখনো পর্যন্ত কোন অভিযান অথবা কোন ধরনের ব্যবস্থা গ্রহণ করেনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। সোনারগাঁওয়ে এখনো প্রায় দশ হাজার অবৈধ গ্যাস সংযোগ রয়েছে যা বৈধ হয়নি। খোঁজ নিয়ে জানা গেছে, এসব অবৈধ গ্রাহকদের মধ্যে সরকার দলীয় প্রভাবশালী চাকরিজীবী ও ব্যবসায়ী রয়েছেন। তারা ইজ্জত সম্মান আর লোকলজ্জায় জরিমানার ভয়ে বৈধ হতে আবেদন করেননি। এদিকে ওইসব সংযোগের মাধ্যমে উপজেলার পৌরসভাসহ বিভিন্ন এলাকায় অবৈধ আবাসিক গ্যাস সংযোগ দিয়ে একটি সিন্ডিকেট হাতিয়ে নিয়েছে কোটি কোটি টাকা। এই সিন্ডিকেটের সাথে তিতাস গ্যাসের কর্মকর্তারাও রয়েছেন। একটি রাইজারের জন্য আড়াই থেকে তিন লক্ষ টাকা অর্থাত্ প্রতিটি দ্বিমুখী চুলার জন্য ৩০ থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত নেয়া হচ্ছে। শুধু আবাসিক সংযোগই নয় সরকার দলীয় প্রভাবশালীরা সোনারগাঁওয়ের বিভিন্ন হোটেল, কল-কারখানায়ও অবৈধ বাণিজ্যিক গ্যাস সংযোগ নিয়ে ব্যবহার করছেন বলে অভিযোগ উঠেছে। এ ব্যাপারে সোনারগাঁও কার্যালয়ের তিতাস গ্যাস ব্যবস্থাপক মোঃ আবু জাফর জানান, বৈধ হওয়ার ব্যাপারে আমাদের প্রধান কার্যালয়ের অনুমতি ছাড়া সঠিক তথ্য দেয়া সম্ভব নয়।