‘গার্ল গাইডরা শিশু ও মায়ের যত্নে অগ্রণী ভূমিকা রাখবে’
প্রকাশ : ২৪ আগস্ট ২০১৩, ২২:০০
বাংলাদেশ গার্ল গাইড এসোসিয়েশনের ‘মাতৃমঙ্গল-শিশুস্বাস্থ্য ও পরিবেশ সচেতনতা’ বিষয়ক দিনব্যাপী কর্মশালায় জাতীয় সংসদের সংসদ উপনেতা ও গার্লস গাইড এসোসিয়েশনের প্রাক্তন জাতীয় কমিশনার সৈয়দা সাজেদা চৗৈধুরী বলেছেন, আমাদের শিশুস্বাস্থ্য ও মায়ের যত্নে গার্লস গাইডরা অগ্রণী ভূমিকা পালন করবে। আমি আশা করছি, তারা গ্রামে গ্রামে গিয়ে ‘মাতৃমঙ্গল-শিশুস্বাস্থ্য ও পরিবেশ সচেতনতা’ বিষয়ে সচেতনতা তৈরিতে বিশেষ ভূমিকা রাখবেন।
গতকাল শনিবার সকালে বাংলাদেশ গার্লস গাইড এসোসিয়েশনের ‘জাতীয় রেঞ্জার কাউন্সিল’-এর উদ্যোগে কর্মশালার উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সৈয়দা সাজেদা চৌধুরী বলেন, আমি একজন নারী নেত্রী হিসেবে শঙ্কিত। কারণ বিরোধী দলের কিছু মৌলবাদি ধর্মের নাম ব্যবহার করে উস্কানি দিচ্ছে, তারা ক্ষমতায় গেলে গার্লস গাইডের কী হবে এ নিয়ে আমি চিন্তিত।
অনুষ্ঠানে এভারেস্ট বিজয়ী নিশাত মজুমদারকে ফুলের তোড়া ও ক্রেস্ট দিয়ে শুভেচ্ছা জানানো হয়। গার্লস গাইড এসোসিয়েশনের জাতীয় কমিশনার সৈয়দা রেহানা ইমাম-এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেঞ্জার ইউনিট উপদেষ্টা কাউন্সিলের সভাপতি অধ্যাপক সাজেদা বানু। উপস্থিত ছিলেন- রেঞ্জার কাউন্সিলের চেয়ারম্যান মাহদী বানীন, রেঞ্জার কমিশনার সেলিনা চৌধুরী, সাবিনা বেগম প্রমুখ।
উল্লেখ্য, বাংলাদেশ গার্লস গাইড এসোসিয়েশনের ‘জাতীয় রেঞ্জার কাউন্সিল’-এর উদ্যোগে গত ২২ আগস্ট থেকে ২৫ আগস্ট পর্যন্ত ঢাকায় গাইড হাউজে কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মধ্যে ২৩ আগস্ট গাইড হাউজ হতে রমনা পার্ক পর্যন্ত ‘‘মাতৃমঙ্গল-শিশুস্বাস্থ্য ও পরিবেশ সচেতনতা’’ বিষয়ক শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। রেঞ্জাররা পরিবেশ সচেতনতা বিষয়ক বিভিন্ন শ্লোগান সম্বলিত প্ল্যাকার্ড নিয়ে শোভাযাত্রা করে রমনা পার্কে গিয়ে পরিবেশ পরিচ্ছন্নতা অভিযান চালায়।