একদিন আগেও দক্ষিণ আফ্রিকানদের দুশ্চিন্তার ভাঁজ হয়ে ছিল দুই পেসার ক্যাগিসো রাবাদা ও ডেল স্টেইনের ইনজুরি। তবে, আশার কথা শোনালেন কোচ ওটিস গিবসন। তিনি জানালেন শিগগিরই এই জুটি ফিট হয়ে ফিরছেন। রাবাদা যেকোনো ফরম্যাটেই এখন প্রোটিয়া দলের সেরা ফাস্ট বোলার। সম্প্রতি শেষ হওয়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) তিনি ছিলেন দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারি বোলার। তবে, এই আইপিএল থেকেই ইনজুরি নিয়ে ফিরেছিলেন। অন্যদিকে পিঠের ব্যথা নিয়ে আইপিএলে মাত্র দু’টি ম্যাচ খেলেই দেশে ফিরেছিলেন স্টেইন। তবে, এখন দু’জন আগের চেয়ে অনেক ভালো আছেন বলে জানালেন কোচ গিবসন। সাবেক এই ক্যারিবিয়ান ক্রিকেটার বলেন, ‘আমরা মনে করি ওরা সুস্থ হয়ে ওঠার পথেই আছে। আমি মনে করি না ওদের নিয়ে দুশ্চিন্তার কিছু আছে। ওরা পুরো ফিট হয়ে তবেই বিশ্বকাপে খেলবে।’
বিশ্বকাপ শুরু হওয়ার সপ্তাহ দুয়েক আগে ক্যাম্প শুরু করেছে দক্ষিণ আফ্রিকানরা। প্রোটিয়ারা বরাবরই বিশ্বকাপের ফেবারিটদের একজন থাকে। তবে, এখন পর্যন্ত ক্রিকেটের সর্বোচ্চ এই আসরে সেমিফাইনালেই আটকে আছে তারা। এখন অবধি চারটি সেমিফাইনাল খেলেছে তারা। এর বাইরে শিরোপা তো দূরের কথা, ফাইনালও খেলা হয়নি তাদের। এবার বিশ্বকাপ জিততে হলে কন্ডিশনের সাথে খাপ খাওয়ানোটাকেই সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মানছেন কোচ গিবসন। তিনি বলেন, ‘ইংল্যান্ডের আবহাওয়া খুবই মজাদার। এবার ওখানকার ম্যাচগুলোতে প্রচুর রান হবে। আবহাওয়া একটা বড় ভূমিকা রাখবে বিশ্বকাপের ফলাফলে। এখন পর্যন্ত যা মনে হচ্ছে, উইকেটগুলো শুষ্ক হওয়ার সম্ভাবনাই বেশি।