ক্লিনার থাকলেও কোন কোন রাস্তায় আবর্জনার স্তূপ
প্রকাশ : ২৪ আগস্ট ২০১৩, ২২:০০
ঢাকা সিটি করপোরেশনের সাত হাজারেরও বেশি ক্লিনার নিয়মিত বেতন ভাতা নিচ্ছেন। অথচ রাজধানীর কোন কোন এলাকায় রাস্তা ও গলিপথে ময়লা আবর্জনার দুর্গন্ধে অতিষ্ঠ নগরবাসী।
নাম প্রকাশ না করার শর্তে ডিসিসির হিসাব শাখার এক কর্মকর্তা জানান, ডিসিসিতে সাত হাজার ৭২৩ জন ক্লিনারের মধ্যে ঢাকা দক্ষিণে পাঁচ হাজার ১২৩ জন এবং ঢাকা উত্তরে দুই হাজার ৬০০ জন ক্লিনারের নামে দৈনিক ২৬৫ টাকা করে মজুরি প্রদান করা হয়। কিন্তু দৈনিক পাঁচ হাজার ক্লিনারও ময়লা আবর্জনা পরিষ্কার কাজে রাস্তায় নামে না বলে অভিযোগ রয়েছে।
সরেজমিন খোঁজ নিয়ে জানা গেছে, নগরীর অভিজাত এলাকা মহাখালী, বারিধারা, বাড্ডা, মোহাম্মদপুর, হাজারীবাগ, রায়েরবাজার, কাওরানবাজার, নিউমার্কেট, নয়াবাজার, ওয়ারী, সদরঘাট, গেন্ডারিয়া, মতিঝিল, আরামবাগ, মগবাজার, বাসাবো, খিলগাঁও, মিরপুর ১১, ১২ ও রূপনগর প্রভৃতি এলাকায় গত এক সপ্তাহ যাবত্ যত্রতত্র ময়লা আবর্জনা পড়ে রয়েছে।
শুধু নগরীর নির্ধারিত ডাস্টবিনে জমানো আবর্জনা পরিষ্কার করছে পরিচ্ছন্নতা বিভাগের কর্মীরা। রাস্তা-গলিপথ এবং ফুটপাতের ওপর যত্রতত্র ছড়িয়ে ছিটিয়ে থাকা আবর্জনা পরিষ্কার করা হচ্ছে না।
এদিকে ঢাকা উত্তরের প্রধান বর্জ্যব্যবস্থাপনা কর্মকর্তা ক্যাপটেন বিপন কুমার সাহা জানান, রাজধানী পরিষ্কার পরিচ্ছন্ন রাখাই সিটি করপোরেশনের প্রধান কাজ। পরিচ্ছন্ন কাজে নিয়োজিত কারো বিরুদ্ধে গাফলতির অভিযোগ পাওয়া মাত্র ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।