অপহূত স্ত্রী উদ্ধার ও ছেলের হত্যাকারীদের গ্রেফতার দাবি
প্রকাশ : ২৪ আগস্ট ২০১৩, ২২:০১
ডিবি পুলিশ পরিচয়ে স্ত্রীকে অপহরণের ৪ দিন পর ছেলেকে অপহরণ ও হত্যার সুষ্ঠু তদন্ত এবং স্ত্রীকে উদ্ধার ও ছেলের হত্যাকারীদের গ্রেফতারের দাবি জানিয়েছেন রাজধানীর উত্তর বাসাবোর আব্দুল খালেক। গতকাল সেগুনবাগিচায় ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনে এক সংবাদ সম্মেলনে এ দাবি করা হয়। সম্মেলনে অপহূত ও হত্যাকাণ্ডের শিকার হওয়া পরিবারের সদস্যদের মধ্যে ঝর্ণা বেগম, সোনিয়া বেগম, খায়রুন্নেসা ও ইতি আক্তার উপস্থিত ছিলেন।
সম্মেলনে লিখিত বক্তব্যে অপহূতের স্বামী আব্দুল খালেক অভিযোগ করেন, গত ২৯ জুলাই সোমবার দুপুরে ঢাকার নিম্ন আদালতে একটি মামলায় হাজিরা দিয়ে উত্তর বাসাবোর বাসায় ফিরছিলেন মাফিয়া বেগম। ধোলাইখাল এলাকায় অস্ত্র, হ্যান্ডকাপ ও ওয়্যারলেস হাতে ডিবি পুলিশ পরিচয়ে কয়েক ব্যক্তি তাকে মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। বিষয়টি জানার পর তিনি মিন্টো রোডের গোয়েন্দা কার্যালয়সহ রাজধানীর বিভিন্ন থানায় গিয়ে তার সন্ধান পাননি। পরে ওয়ারী থানায় এ বিষয়ে জিডিও করা হয়।
ঘটনার পর ২ আগস্ট মায়ের সন্ধান দিবে বলে জনি নামে এক ব্যক্তি তার বড় ছেলে হিরনকে বাসা থেকে ডেকে নিয়ে যায়। এরপরে হিরন আর বাসায় ফিরেনি। ৫ দিন পর খিলগাঁওয়ের নন্দীপাড়ার শেখেরটেক এলাকা থেকে পুলিশ হিরণের বস্তাবন্দী লাশ উদ্ধার করে।
সম্মেলনে তিনি আরো অভিযোগ করেন, ২০১০ সালে বাসাবোর মায়াকাননে খাজা নামে এক ব্যক্তি খুনের ঘটনায় তার স্ত্রী ও ছেলেকে মামলায় জড়ানো হয়। এরপর থেকে এলাকার সন্ত্রাসীরা তার পরিবারকে বিভিন্নভাবে হুমকি দিচ্ছিল। তিনি তার অপহূত স্ত্রীকে উদ্ধার ও ছেলের খুনের বিচার চেয়ে স্বরাষ্ট্রমন্ত্রী ও পুলিশের আইজি’র প্রতি অনুরোধ করেন।