জলঢাকায় সংঘর্ষে আহত ২০
স্থানীয় বিএনপির অঙ্গ সংগঠনের কার্যক্রম স্থগিত
জলঢাকা (নীলফামারী) সংবাদদাতা
প্রকাশ : ২৪ আগস্ট ২০১৩, ২২:০২
নীলফামারীর জলঢাকা উপজেলা বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে পণ্ড হয়ে যায় বর্ধিত সভা। সংঘর্ষে দুই গ্রুপের আহত হয় ২০ জন। ভাংচুর করা হয় উপজেলা ছাত্রদল এবং স্বেচ্ছাসেবক দলের আহবায়কের বাড়ি। পুলিশ এ ঘটনায় ছয়জনকে গ্রেফতার করেছে। আটক করেছে ১৬টি মোটর সাইকেল। লাঞ্ছিত হন জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক ফাহমিদ ফয়সাল কমেট চৌধুরী। এসব ঘটনায় উপজেলা ও পৌর বিএনপিসহ সকল অঙ্গ সংগঠনের কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে জেলা বিএনপি। গতকাল শুক্রবার ছিল জলঢাকা উপজেলা বিএনপির বর্ধিত সভা। সকাল ১১টার পরে সভা শুরু হলে পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আমজাদ হোসেনের একটি আপত্তিকর বক্তব্যকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। জেলা বিএনপি নেতা ফাহমিদ ফয়সালের সমর্থকরা উপজেলা ছাত্রদলের আহবায়ক শাহিনুর হক বাবুর উপরে আক্রমণ করলে দ্রুত সংঘর্ষ ছড়িয়ে পড়ে।