সংবাদ সংক্ষেপ
প্রকাশ : ২৪ আগস্ট ২০১৩, ২২:০৩
ঘোড়াশালে আওয়ামী লীগের আলোচনা
পলাশ (নরসিংদী) সংবাদদাতা \ পলাশ উপজেলা আওয়ামী লীগ ও ঘোড়াশাল পৌর আওয়ামী লীগের নতুন কার্যালয় উদ্বোধন ও জাতীয় শোক দিবস উপলক্ষে গত শুক্রবার কার্যালয়ের সামনে আলোচনা সভা ও গণভোজ অনুষ্ঠিত হয়। ঘোড়াশাল পৌরসভা আওয়ামী লীগের সভাপতি ও মেয়র শরীফুল হকের সভাপতিত্বে নতুন কার্যালয় উদ্বোধন করেন নরসিংদী-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব ডাঃ আনোয়ারুল আশরাফ খান দিলীপ। প্রধান অতিথি হিসেবে নরসিংদী জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আসাদুজ্জামান।
কমলগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠির ভাষা ও সাহিত্য বিষয়ক কর্মশালা
কমলগঞ্জ (মৌলভীবাজার) সংবাদদাতা\ কমলগঞ্জ উপজেলার ঐতিহাসিক ভানুবিল কৃষক স্মৃতি আন্দোলনের স্মৃতি সৌহার্দে বিভিন্ন ক্ষুদ্র নৃ-গোষ্ঠি আদিবাসীদের ভাষা ও সাহিত্য বিষয়ক কর্মশালা কথে ওয়েল ফেয়ার ট্রাস্টের আয়োজনে ইন্দ্রজিত সিংহের সভাপতিত্বে ও লেখক সনাতন হামোম-এর পরিচালনায় আলোচক ছিলেন তেঁতইগাও রশীদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল মতিন প্রমুখ।
ত্রিশালে বিএনপির কর্মী সভা
ত্রিশাল (ময়মনসিংহ) সংবাদদাতা \ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তৃণমূল পর্যায়ে দলকে সুসংগঠিত করার লক্ষ্যে ময়মনসিংহের ত্রিশালে বিএনপির এক কর্মীসভা গত শুক্রবার ধানীখোলা দক্ষিণ ভাটিপাড়া দারুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও ত্রিশাল উপজেলা বিএনপির সভাপতি ডাঃ মাহবুবুর রহমান লিটন। বিএনপি নেতা মোহসিন উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব জয়নাল আবেদীন প্রমুখ।
কালিয়াকৈরে প্রতিবন্ধী নারীদের প্রশিক্ষণ ক্যাম্প
কালিয়াকৈর (গাজীপুর) সংবাদদাতা\ গত শুক্রবার গাজীপুর ডিজএ্যাবল্ড পিপলস অর্গানাইজেশন টু ডেভেলপমেন্ট এর আয়োজনে প্রতিবন্ধী নারীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। উদ্বোধনী বক্তব্য দেন প্রতিবন্ধী নারী উন্নয়ন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক আশরাফুন নাহার মিষ্টি। এ সময় আরো বক্তব্য রাখেন জাপানী স্বেচ্ছাসেবী সুকো ইয়ামা মাতসি, বিপিকেএস প্রতিনিধি ঝুমুর, গাজীপুর ডিপিওডি’র পরিচালক নুরুজ্জামান, আনছার একাডেমী কলেজের প্রভাষক সুকান্ত কুমার সরকার, আবুল হাসানাত, মিঠু, ময়না প্রমুখ।
গোমস্তাপুরে চোলাই মদের কারখানায় অভিযান
গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা \ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের কালিনগর গ্রামে চোলাই মদের কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চোলাই মদসহ ১ জনকে আটক করেছে পুলিশ। গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ফিরোজ আহমেদ জানান আটককৃতের নাম ফুরকুনি। ঘটনাটি ঘটেছে গত শুক্রবার।
পাকুন্দিয়ায় হূদরোগ বিষয়ক কর্মশালা
পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) সংবাদদাতা \ কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় গত শুক্রবার হূদরোগ বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। দৈনিক সমকাল পত্রিকার স্বাস্থ্য বিষয়ক প্রতিবেদক জহুরুল আলম জাবেদের ব্যবস্থাপনায় ও পাকুন্দিয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ কফিল উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সোহরাব উদ্দিন, পৌর মেয়র অ্যাডভোকেট জালাল উদ্দিন, পাইলট স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি মো. শাহজাহান প্রমুখ।
দিনাজপুর প্রেসক্লাবে সাংবাদিক আহতের নিন্দা
স্টাফ রিপোর্টার, দিনাজপুর \ আর টিভির দিনাজপুর জেলা প্রতিনিধি তাজেদুর রহমান মানিক ও ক্যামেরা ম্যান প্লাবন সংবাদ সংগ্রহ করতে গেলে সন্ত্রাসী কর্তৃক আহত হওয়ায় দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ মতিউর রহমান ও সাধারণ সম্পাদক আবু সাঈদ আহমেদ কুমার এবং দিনাজপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোঃ ওয়াহেদুল আলম আর্টিস্ট ও সাধারণ সম্পাদক মোঃ শাহিন হোসেন এক যুক্ত বিবৃতিতে উক্ত ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন।
সচল হয়েছে গৌরনদী ফায়ার স্টেশনের এ্যাম্বুলেন্স
গৌরনদী (বরিশাল) সংবাদদাতা \ দৈনিক ইত্তেফাকে সংবাদ প্রকাশের পর সচল হয়েছে গৌরনদী ফায়ার স্টেশনের এ্যাম্বুলেন্স। ব্যাটারী নষ্ট হওয়ার কারণে দীর্ঘ ৩ মাস যাবত্ এ্যাম্বুলেন্সটি অচল ছিল। গত ১৪ আগষ্ট “ফায়ার সার্ভিসের এ্যাম্বুলেন্স ব্যাটারী না থাকায় অচল” এ শিরোনামে দৈনিক ইত্তেফাকে সংবাদ প্রকাশের পর কর্তৃপক্ষের টনক নড়ে। তারা দ্রুত নুতন ব্যাটারী কিনে এ্যাম্বুলেন্সটি সচল করেন। গত শুক্রবার থেকে এ্যাম্বুরেন্সটি পুনরায় চালু হয়েছে।
ফুলবাড়িতে আদিবাসী দিবস উদযাপন
ফুলবাড়ি (দিনাজপুর) সংবাদদাতা \ দিনাজপুরের ফুলবাড়িতে আদিবাসীদের সংগঠন পারগানা পরিষদের উদ্যোগে গত শুক্রবার আন্তর্জাতিক আদিবাসী দিবস পালন করা হয়েছে। শোভাযাত্রা শেষে বিদ্যালয় চত্বরে কলম্বাস মার্ডির সভাপতিত্বে আলোচনায় প্রধান ও বিশেষ অতিথির বক্তব্য রাখেন যথাক্রমে উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুুল ইসলাম বাবলু ও এসসি আলবার্ট সরেন, যোহন টুডু, কেরুবিন হেমব্রম, কমল কিসকু, রনজিত কুমার রায়, রামাই সরেন, বেঞ্জামিন সরেন, পাহান কিসকু প্রমুখ।
রায়পুরায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
রায়পুরা (নরসিংদী) সংবাদদাতা \ গত শুক্রবার নরসিংদীর রায়পুরায় কলেজ-বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ পলাশতলী ইউনিয়ন কর্তৃক আয়োজিত ২০১৩ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় গোল্ডেনসহ জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। আলহাজ্ব আসাদুজ্জামান ভুঁইয়ার সভাপতিত্বে এসময় প্রধান অতিথি ছিলেন ওয়াট সান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও ধানমন্ডি থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ইঞ্জিনিয়ার মোঃ আশরাফ উদ্দিন বকুল। অন্যদের মধ্যে ছিলেন লায়ন মোঃ আবুল হোসেন, এ এস এম ওয়াহেদুজ্জামান পনির প্রমুখ।
সৈয়দপুরে সড়ক দুর্ঘটনায় এক বৃদ্ধের মৃত্যু
সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা \ সৈয়দপুর-নীলফামারী সড়কের ঢেলাপীর নামক স্থানে গতকাল শনিবার পিকআপ ভ্যানের ধাক্কায় জিঠি (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তি নীলফামারী সদর উপজেলার সংগলশী ইউনিয়নের শিমুলতলী এলাকার বাসিন্দা। ওই ব্যক্তি রাস্তা পারাপারের সময় পিকআপ ভ্যান ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়। ফলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ব্যাপারে থানায় ইউডি মামলা হয়েছে।
মিঠাপুকুরে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
মিঠাপুকুর (রংপুর) সংবাদদাতা \ মিঠাপুকুরে ৩০ বছর বয়সী অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। জানা যায়, গতকাল শনিবার সকালে মিঠাপুকুরে ঢাকা-রংপুর মহাসড়কের পাশে পাকারপুল নামক স্থানে অজ্ঞাত এক ব্যক্তির লাশ দেখতে পায় পথচারীরা। পরে খবর পেয়ে ঘটনাস্থলে এসে হাত-পা বাঁধা অবস্থায় লাশ উদ্ধার করে থানা পুলিশ। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা তাকে অন্য কোথাও হত্যা করে লাশ ফেলে রেখে গেছে।
নগরকান্দায় স্যানিটেশন বিষয়ক সভা
নগরকান্দা (ফরিদপুর) সংবাদদাতা \ ফরিদপুরের নগরকান্দার রামনগর ইউনিয়ন পরিষদ সভাকক্ষে শুক্রবার বিকালে প্রতিবন্ধীবান্ধব স্যানিটেশন বিষয়ক সচেতনতামূলক কমিউনিটি মিটিং অনুষ্ঠিত হয়। এ্যাকশন অন ডিজ্যাবিলিটি এ্যান্ড ডেভেলপমেন্ট (এডিডি) এর সহযোগিতায় ক্যাথলিক এজেন্সী ফর ওভারসীজ ডেভেলপমেন্ট (ক্যাফোড) এর অর্থায়নে সততা প্রতিবন্ধী সংস্থার আয়োজনে এ মিটিংয়ে প্রধান অতিথি ছিলেন রামনগর ইউপি চেয়ারম্যান কাইমুদ্দীন মণ্ডল।
দিনাজপুরে রোগী মারা যাওয়ার অভিযোগ
স্টাফ রিপোর্টার, দিনাজপুর \ চিকিত্সকের অবহেলায় রোগী মারা যাওয়ায় অভিযোগে দিনাজপুরের খানসামা উপজেলার পাকেরহাট স্বাস্থ্য কমপ্লেক্স ভাংচুর করেছে রোগীর বিক্ষুব্ধ আত্মীয়-স্বজনরা। গতকাল শনিবার সকালে খানসামা উপজেলার আরাজী যুগি গোপাল গ্রামের জসিমউদ্দীনের প্রসূতি স্ত্রী সাহেদা খাতুনকে (৪০) পাকেরহাট হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিত্সক চিকিত্সা প্রদান করতে তালবাহানা করে। এরপর ওই রোগী মারা গেলে রোগীর বিক্ষুব্ধ আত্মীয়-স্বজনরা হাসপাতাল ভাংচুর করে।
জগন্নাথপুরে আশার ফিজিওথেরাপি চিকিত্সাসেবা
জগন্নাথপুর (সুনামগঞ্জ) সংবাদদাতা \ এনজিও সংস্থা আশা জগন্নাথপুর উপজেলা ব্রাঞ্চের উদ্যোগে সংস্থার ঋণ গ্রহিতা সদস্যসহ দরিদ্র রোগীদের বিনামূল্যে ফিজিও থেরাপী চিকিত্সা কার্যক্রম গতকাল সম্পন্ন হয়েছে। উপজেলা ব্রাঞ্চ ম্যানেজার কামাল হোসেন জানান, চিকিত্সা ক্যাম্পে রোগের পরীক্ষা-নিরীক্ষা শেষে ব্যবস্থাপত্র প্রদান করা হয়েছে। ৩ দিনব্যাপী চিকিত্সা সেবায় নিয়োজিত ছিলেন ঢাকার ফিজিও থেরাপিস্ট ডা. সুমন দেবনাথ।
মহেশপুর প্রেসক্লাবে সাংবাদিক গ্রেফতারে নিন্দা
মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা \ গতকাল শনিবার মহেশপুর প্রেসক্লাবের জরুরি সভা অনুষ্ঠিত হয়। সাংবাদিক আ. গফুরকে গ্রেফতার করায় তীব্র নিন্দা জানানোসহ মুক্তি তার দাবি করা হয়। মহেশপুর প্রেসক্লাবের সভাপতি আব্দুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন রুহুল আমিন, অধীর সরকার, আমিরুজ্জামান সুফি, আ. সেলিম, রাজেদুল ইসলাম রাজা, ইব্রাহিম আলম প্রমুখ।
নেত্রকোনায় বাইপাস সড়কের দাবিতে মানববন্ধন
নেত্রকোনা প্রতিনিধি \ নেত্রকোনা শহরের যানজট কমানো এবং সড়ক দুর্ঘটনায় জনমৃত্যুর ঝুঁকি এড়াতে নেত্রকোনা জন উদ্যোগ ফোরামের উদ্যোগে গতকাল শনিবার বাইপাস সড়ক নির্মাণের দাবিতে প্রেসক্লাব সড়কে মানববন্ধন কর্মসূচি এবং সমাবেশ অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে বাইপাস সড়ক নির্মাণের গুরুত্ব নিয়ে বক্তব্য রাখেন সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার হায়দার জাহান চৌধুরী, জেলা সুজন সভাপতি শ্যামলেন্দু পাল, প্রেসক্লাব সম্পাদক এম মুখলেছুর রহমান খান, জন উদ্যোগের ভারপ্রাপ্ত সভাপতি মোস্তাফিজুর রহমান।
ভেড়ামারায় মৃত ৪ সাংবাদিকের পরিবারকে চেক প্রদান
ভেড়ামারা (কুষ্টিয়া) সংবাদদাতা \ তথ্য মন্ত্রণালয় কর্তৃক কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয়ে গতকাল শনিবার ভেড়ামারা প্রেসক্লাবের মৃত ৪ সাংবাদিকের পরিবারকে ৫০ হাজার টাকা করে মোট ২ লাখ টাকার চেক প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন ভেড়ামারা প্রেসক্লাবের সভাপতি ও সাপ্তাহিক চেতনায় কুষ্টিয়া পত্রিকার সম্পাদক ও প্রকাশক প্রভাষক জাহাঙ্গীর হোসেন জুয়েল এবং সাধারণ সম্পাদক ও দৈনিক হিসনা বাণী পত্রিকার সম্পাদক ও প্রকাশক আরিফুজ্জামান লিপটন।
মহেশখালীতে অস্ত্রসহ গ্রেফতার ১
মহেশখালী (কক্সবাজার) সংবাদদাতা \ কক্সবাজারের মহেশখালী উপজেলার এক শীর্ষ সন্ত্রাসীকে অস্ত্রসহ গ্রেফতার করেছে পুলিশ। উপজেলার কালারমারছড়ায় গত শুক্রবার কালারমারছড়ার ফাঁড়ির ইনর্চাজ শাহনেওয়াজ, শীর্ষ সন্ত্রাসী খলিল বাহিনীর সেকেন্ডইন কমান্ড স্থানীয় চাঁদ মিয়ার পুত্র মোহাম্মদ উল্লাহ কে (২৮) একটি দেশীয় তৈরি অস্ত্র ও ৫টি গুলিসহ গ্রেফতার করে। গ্রেফতারকৃত মোহাম্মদ উল্লাহর বিরুদ্ধে হত্যাসহ মহেশখালী থানায় ৬টি মামলা রয়েছে।
রায়পুরায় কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন
রায়পুরা (নরসিংদী) সংবাদদাতা \ রায়পুরা উপজেলা কৃষি সমপ্রসারণ অধিদপ্তর কর্তৃক আয়োজিত ৩ দিনব্যাপী ফলদ বৃক্ষ রোপণ পক্ষ ও কৃষি প্রযুক্তি মেলা-২০১৩ উপজেলা পরিষদ চত্বরে শুরু হয়েছে। গত শুক্রবার এ মেলার উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজু।
সোনাতলায় নির্মাণ শ্রমিক ইউনিয়নের অভিষেক
সোনাতলা (বগুড়া) সংবাদদাতা \ গত শুক্রবার সোনাতলায় নির্মাণ শ্রমিক ইউনিয়নের অভিষেক অনুষ্ঠিত হয়েছে। বাস টার্মিনাল চত্বরে নির্মাণ শ্রমিক ইউনিয়ন সোনাতলা উপজেলা শাখার সভাপতি সাহাবুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া-১ আসনের সংসদ সদস্য আব্দুল মান্নান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিয়াউল করিম শ্যাম্পু, সাধারণ সম্পাদক মাহবুবুল আলম বুলু প্রমুখ।
রায়পুরে ওয়ারেন্টভুক্ত ৫ আসামি গ্রেফতার
রায়পুর (লক্ষ্মীপুর) সংবাদদাতা \ গত শুক্রবার দিবাগত রাতে রায়পুর থানা পুলিশ বিভিন্ন মামলায় ওয়ারেন্টভুক্ত ৫ আসামীকে তাদের নিজ নিজ বাড়ি হতে গ্রেফতার করে করে কোর্টে চালান দিয়েছে। থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল বাসার জানান, গ্রেফতারকৃত আসামীরা হচ্ছে সোনাপুর গ্রামের জাকির হোসেন, আমির হোসেন, সাইচা গ্রামের লিটন, বামনী গ্রামের মোরশেদ আলম, মধ্য কেরোয়া গ্রামের নাছির উদ্দিন।
হোসেনপুরে ফেনসিডিলসহ গ্রেফতার ১
হোসেনপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা \ কিশোরগঞ্জের হোসেনপুর থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শনিবার ফেনসিডিলসহ মো:আলম মিয়া (৪২) মিয়াকে গ্রেফতার করেছে। পুলিশ জানায়, উপজেলার রামপুর বাজার এলাকায় ১৩ বোতল ফেনসিডিল বিক্রি করার সময় পুলিশ তাকে গ্রেফতার করে। এ ব্যাপারে হোসেনপুর থানায় মামলা হয়েছে।
গফরগাঁওয়ে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল
গফরগাঁও সংবাদদাতা \ রাজশাহীতে ছাত্রলীগ নেতা তুহিনের উপর জামায়াত-শিবিরের হামলার প্রতিবাদে গতকাল শনিবার সকালে ময়মনসিংহের গফরগাঁওয়ে উপজেলা ছাত্রলীগের উদ্যোগে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিল শেষে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের আহবায়ক খোকন আহম্মেদ, যুগ্ম-আহবায়ক খাদেমুল ইসলাম খালেদ, মাহমুদুল ইসলাম বাবু, পৌরশাখা ছাত্রলীদের যুগ্ম-আহবায়ক মাজাহারুল হক, ছাত্রলীগ নেতা আঃ সালাম প্রমুখ।
দৌলতপুরে মাদক ব্যবসায়ী গ্রেফতার
দৌলতপুর (কুষ্টিয়া) সংবাদদাতা \ কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার সীমান্তবর্তী জয়পুর গোড়ের পাড়া এলাকা থেকে ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে দৌলতপুর থানা পুলিশ। গত শুক্রবার দৌলতপুর থানার ওসি রবিউল ইসলাম জানান, মনিরুল ভারত থেকে ফেনসিডিল এনে দেশের ভিতরে পাচারের সময় তাকে পুলিশ গ্রেফতার করে।
চাটখিলে ২ টি কলেজে ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন
চাটখিল ও সোনাইমুড়ী (নোয়াখালী) সংবাদদাতা \ নোয়াখালী জেলার চাটখিল পাঁচগাঁও মাহবুব সরকারি ডিগ্রি কলেজ ও মহিলা কলেজে গতকাল শনিবার দিনব্যাপী চাটখিল স্টুডেন্টস ফোরাম অব ঢাকার উদ্যোগে ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। এর উদ্ভোধন করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ ওবায়েদ। মহিলা কলেজের উদ্ভোধন করেন অধ্যক্ষ সাইফুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন স্টুডেন্টস ফোরামের সভাপতি গাজি জকিউদ্দিন হিমেল সাধারণ সম্পাদক জিল্লুর রহমান প্রমুখ।
মিঠাপুকুরে মাদকাসক্তের হাতে মা আহত
মিঠাপুকুর (রংপুর) সংবাদদাতা \ মিঠাপুকুর উপজেলার শাল্টি গোপালপুর ইউনিয়নের দুর্গামতি গ্রামের কফিল উদ্দিন প্রধানের ছেলে আঃ জলিল প্রধান (৩০) তার মার কাছে প্রতিদিনই মাদক সেবনের জন্য টাকা চায়। গতকাল শনিবারও সকালে মাদক সেবন করার জন্য টাকা চাইলে, দিতে অস্বীকৃতি জানায় মা এনোকা বেগম। টাকা না দেয়ায় মাদকাসক্ত জলিল মাকে বেদম মারপিট করলে একটি হাত ভেঙ্গে যায় এবং মাথায় আঘাত পেয়ে গুরুতর অহত হন তিনি।