আজ-কালের মধ্যেই আসছে ঘোষণা

গ্যারেথ বেল নাটকের শেষ অঙ্কটা মঞ্চস্থ হতে পারে আগামীকালই। স্প্যানিশ ক্রিড়া দৈনিক মার্কা বলছে, দুই মাসের টান টান উত্তেজনার অবসান ঘটিয়ে এদিনই আনুষ্ঠানিকভাবে রিয়াল মাদ্রিদের বিখ্যাত সাদা জার্সি গায়ে দিতে যাচ্ছেন তিনি। আর ‘দ্য ইনক্রেডি-বেল’কে বরণ করে নিতে এরই মধ্যে প্রস্তুতি নিতে শুরু করেছে সান্তিয়াগো বার্নাব্যু। গ্রীষ্মকালীন ট্রান্সফার মৌসুম এগোনোর সাথে সাথেই জমে উঠতে থাকে বেলের ট্রান্সফার নাটক। শুরুতে টটেনহ্যামের পক্ষ থেকে বেলকে ‘বিক্রয়যোগ্য নয়’ ঘোষণা দেয়া হলেও রিয়ালের সেই বিখ্যাত ‘কিনেই ছাড়বো’ মানসিকতার কাছে শেষ পর্যন্ত হার মানতে বাধ্য হয় তারা। প্রয়োজনে ট্রান্সফার ফির নতুন বিশ্বরেকর্ড গড়ে হলেও বেলকে তাদের চাই, রিয়াল জানিয়ে দেয় সে কথাও। তবে ইংলিশ প্রিমিয়ার লিগের এই মুহূর্তের সবচেয়ে বড় সুপারস্টারটির পেছনে যে ব্লাঙ্কোসরা সত্যি সত্যিই নয় কোটি ৯০ লাখ ইউরো খরচ করবে সেটা তখন বিশ্বাস করা কঠিনই ছিল বটে। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে, গত বুধবার রাতে মাদ্রিদে রিয়ালের টানা দুবারের প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ এবং টটেনহ্যাম প্রেসিডেন্ট ড্যানিয়েল লেভির বৈঠকে চূড়ান্ত হয় সবকিছু। সেখানে উপস্থিত ছিলেন বেলের প্রতিনিধি জোনাথন বারনেটও। বৈঠকে জানানো হয়, কয়েকটি কিস্তিতে রিয়াল ট্রান্সফার ফি পরিশোধ করবে। এখন আনুষ্ঠানিক ঘোষণাই শুধু বাকি। ধারণা করা হচ্ছে, বেলের প্রাথমিক চুক্তিটা হবে ছয় বছর মেয়াদী। সাবেক ক্লাবের মতো এখানেও প্রিয় ১১ নম্বর জার্সিটাই পাবেন তিনি। আর যার ট্রান্সফার রেকর্ড ভেঙ্গে রিয়ালে আসছেন সেই ক্রিশ্চিয়ানো রোনালদোর সমপরিমাণই হতে যাচ্ছে তার বার্ষিক বেতন, কর বাদে সেটি প্রায় এক কোটি ইউরো! এদিকে বেলকে ক্লাব সমর্থকদের সাথে পরিচয় করিয়ে দিতে, এরই মধ্যে বার্নাব্যুকে সাজিয়ে তুলতে শুরু করেছেন কর্মীরা। গত শুক্রবারই স্টেডিয়ামের ভিআইপি বক্সে একটি অস্থায়ী মঞ্চ তৈরি করা হয়েছে। এখানে দাঁড়িয়েই সমর্থকদের সামনে রিয়ালের জার্সি উঁচিয়ে ধরবেন তিনি। অন্যদিকে টটেনহ্যামের অফিশিয়াল ওয়েবসাইট থেকে গতকাল হঠাত্ করেই উদাও করে দেয়া হয়েছে বেলকে। ক্লাবের নতুন হোম কিট গায়ে বেলের ছবির জায়গায় এসেছে স্ট্রাইকার জার্মেইন ডিফোর ছবি। এর আগে গত বৃহস্পতিবার রিয়ালের অফিশিয়াল ওয়েবসাইটে বেলের নামাঙ্কিত জার্সি বিক্রি শুরু হয়। অবশ্য ছয় ঘন্টা পরেই সেটি অপসারণ করা হয়।