আবার রান পাহাড়ের নিচে ‘এ’ দল

ইংল্যান্ডে গিয়ে যেকোনো প্রতিপক্ষের জন্য প্রধান চ্যালেঞ্জ হয় দেশটির সিমিং কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেয়া। বাংলাদেশ ‘এ’ দল অন্তত এই যুক্তি দিতে পারবে বলে মনে হয় না। টানা তিনটি ওয়ানডে ম্যাচে ইংল্যান্ড লায়ন্সের ব্যাটসম্যানরা যেভাবে ছড়ি ঘোরালেন; তাতে ইংল্যান্ডের উইকেটকে চরম ব্যাটিংবান্ধব বললেও ভুল হতে পারে! প্রথম দুই ম্যাচের মতো কালও আগে ব্যাট করে বাংলাদেশ ‘এ’ দলের কাঁধে তিন শতাধিক রান চাপিয়ে দিল ইংল্যান্ড লায়ন্স। গতকাল টনটনে লায়ন্সের কেউ সেঞ্চুরি না পেলেও ব্যালান্সের আরেকটি দুর্দান্ত ইনিংসে ভর করে ৭ উইকেটে ৩১৯ রান তুলেছে লায়ন্স। জবাবে এই রিপোর্ট লেখা পর্যন্ত ২০ ওভারে ৯৩ রান তুলতে ২ উইকেট হারিয়েছে বাংলাদেশ ‘এ’ দল। টসে জিতে আগে ব্যাট করতে নামা ইংল্যান্ড লায়ন্সকে ভালো একটা শুরু এনে দেন ৬৩ রান করা জেমস ভিনচ। এরপর ব্যালান্স ১০২ বলে ৮৭ রানের ইনিংস খেলে নিশ্চিত করেন দলের বড় পুঁজি। বাংলাদেশ ‘এ’ দলের হয়ে আল আমিন ৭০ রানের বিনিময়ে ৩টি, রবিউল ৬০ রানে ২টি এবং ফরহাদ ও সোহাগ একটি করে উইকেট নেন।