লেভানডস্কি জেতালেন বরুসিয়াকে

রবার্ট লেভানডস্কির গোলে গত শুক্রবার রাতে ওয়ের্ডার ব্রেমেনকে ১-০ গোলে পরাজিত করে বুন্দেসলীগায় শীর্ষস্থান ধরে রেখেছে বরুসিয়া ডর্টমুন্ড। এ নিয়ে লিগের প্রথম তিন ম্যাচেই দুই গোল করলেন লেভানডস্কি আর ২০১০-১১ মৌসুমের পর এবারই লিগে নিজেদের প্রথম তিন ম্যাচে জয় পেল বরুশিয়া। ম্যাচের ৫৫ মিনিটে মারকো রিউসের ক্রস থেকে জয়সূচক গোলটি করেন পোলিশ লিভানডোস্কি। এটি ছিল বুন্দেসলীগায় তার ১০১তম গোল। আর এই গোলের মাধ্যমে তিনি আরেকবার প্রমাণ করলেন কেন বরুসিয়া সমপ্রতি তার বেতন প্রতি সপ্তাহে ২০ হাজার ইউরো থেকে বাড়িয়ে ৬০ হাজার ইউরো করেছে। সিগন্যাল ইদুনা পার্কে ম্যাচের প্রথম মিনিট থেকেই প্রতিপক্ষকে চেপে ধরে স্বাগতিকরা। খেলার ৩৬ মিনিটে জাকুব বাজিকোস্কির শট ব্রেমেন গোলরক্ষক মাইলিটজকে পরাস্ত করলেও ক্রসবারে লেগে ফেরত আসে। এরপর পুরো ম্যাচেই ছিল বরুশিয়ার আধিপত্য যদিও প্রথম গোলের জন্য তাদের অপেক্ষা করতে হয় দ্বিতীয়ার্ধ পর্যন্ত। ম্যাচে ব্রেমেনের সাতটি শটের বিপরীতে বরুসিয়া ৩২টি শট করেছে যার মধ্যে ১৬টিই ছিল লক্ষ্যের প্রায় কাছাকাছি।