বিভিন্ন দৈনিকে প্রকাশিত খবরের প্রতিবাদে সংবাদ সম্মেলন

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চীফ প্রসিকিউটর এ্যাডভোকেট গোলাম আরিফ টিপুর একমাত্র ছেলে মরহুম আরিফ ইফতেখার আশিষের মৃত্যু নিয়ে কয়েকটি জাতীয় দৈনিকে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন আশিষের শ্বশুর মনিম উদ দৌলা চৌধুরী। বিভিন্ন শিরোনামে ওইসব পত্রিকায় প্রকাশিত সংবাদকে মিথ্যে ও কল্পকাহিনী বলে দাবি করেছেন তিনি। গত শুক্রবার স্থানীয় সাধারণ পাঠাগারে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, মৃত্যুর প্রায় দুই মাস পর আমার জামাই মরহুম আরিফ ইফতেখার আশিষের মৃত্যু নিয়ে আমার মেয়ে ও পরিবার নিয়ে মিথ্যে বানোয়াট ও অলিক কল্পকাহিনী রচনা করে সমাজের হেয় প্রতিপন্ন করার হীন প্রচেষ্টা করা হয়েছে। ১১ পৃষ্ঠার লিখিত বক্তব্যে তিনি প্রকাশিত সংবাদের বিস্তারিত ব্যাখ্যা উপস্থিত সাংবাদিকদের সামনে তুলে ধরেন।