হেফাজতের ঐক্যে ফাটল ধরানোর চেষ্টা চলছে :আল্লামা শফী

হেফাজতে ইসলামের ঐক্যে ফাটল ধরানোর চেষ্টা চলছে বলে সংগঠনের আমীর আল্লামা শাহ আহমদ শফী অভিযোগ করেছেন। সম্প্রতি কতিপয় পত্রপত্রিকা ও কয়েকজন ব্যক্তি হেফাজতে ইসলামের নীতি আদর্শ সম্পর্কে বিভ্রান্তিকর বক্তব্য দিয়ে এর নেতাকর্মীদের বিভ্রান্ত করার অপচেষ্টা করছেন বলে তিনি দাবি করেন। গতকাল শনিবার এক বিবৃতিতে আল্লামা শফী বলেন, প্রতিষ্ঠাকাল থেকে এ পর্যন্ত হেফাজতের সকল কর্মসূচি ও তত্পরতা আমীরের পূর্ণ অবগতি ও নিয়ন্ত্রণে পরিচালিত হচ্ছে। আল্লামা শফী বলেন, কেন্দ্রীয় কোনো কর্মসূচিই আমার অগোচরে পরিচালিত হয়নি। ঢাকা অবরোধ পরবর্তী ৫ মে শাপলা চত্বরে মহাসমাবেশ ও অবস্থান সম্পর্কে সাংবাদিক সম্মেলন ও বিবৃতির মাধ্যমে প্রকৃত ঘটনা জাতির সামনে আমি বার বার তুলে ধরেছি। হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কমিটির কোন নেতা-কর্মীই আমার নিয়ন্ত্রণের বাইরে নেই। নতুন করে কাউকে বহিষ্কার ও সংগঠনে যুক্ত করার ব্যাপারে কোন আলোচনাই হয়নি। অথচ নাস্তিক্যবাদী ও তাদের আশ্রয়-প্রশ্রয়দাতাদের পাতা ফাঁদে পা দিয়ে কেউ কেউ উলামায়ে কেরাম ও তৌহিদী জনতার বর্তমান মজবুত ঐক্যে ফাটল ধরাবার ঘৃণ্য প্রয়াসে লিপ্ত হয়েছেন। এটা চরম অগ্রহণযোগ্য ও নিন্দনীয়। তিনি বলেন, ইসলাম ও মুসলমানদের বর্তমান সংকটময় সময়ে যারাই এমন অপতত্পরতায় জড়িত হবে, তারা ঘৃণিত ও প্রত্যাখ্যাত হবে। বিবৃতিতে আল্লামা শফী সরকারের প্রতি মিথ্যা প্রচারণা ও জুলুম-অত্যাচার বন্ধ করার আহ্বান জানিয়ে বলেন, এখনো সময় আছে, দেশ ও জাতির স্বার্থে হেফাজতের ১৩ দফা দাবি মেনে নিন।