লন্ডনে ইউকে-বাংলাদেশ ই-কামার্স মেলার অর্থায়ন নিয়ে ধূম্রজাল
প্রকাশ : ২৪ আগস্ট ২০১৩, ২২:৪৭
লন্ডনে আগামী ৭ থেকে ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য ইউকে-বাংলাদেশ ই-কমার্স মেলার বাজেট এবং অর্থায়ন নিয়ে ধূম্রজাল সৃষ্টি হয়েছে। মেলা উপলক্ষে শুক্রবার লন্ডনে আয়োজিত সাংবাদিক সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তথ্য এবং যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কামাল উদ্দিন আহমদ বলেন, এ মেলার জন্য কোনো বাজেট নেই। সরকার এ মেলার জন্য কোনো অর্থ খরচ করছে না। বাংলাদেশ ব্যাংক, এফবিসিসিআই এবং এক্সপোর্ট প্রমোশন ব্যুরো’র (ইপিবি) স্পন্সরশিপে এ মেলার আয়োজন হচ্ছে। কিন্তু মেলার স্পন্সর হিসেবে এসব প্রতিষ্ঠানের নাম না থাকা এবং স্পন্সরদের পক্ষে কেউ উপস্থিত না থাকার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে সচিব বলেন, সরকারের বিভিন্ন মন্ত্রী এবং কর্মকর্তারা নিজ নিজ দপ্তরের খরচেই লন্ডনে আসবেন। স্টলের ভাড়া বাবদ প্রাপ্ত অর্থ দিয়ে বাকী খরচ মিটানো হবে।
ব্রিটিশ বাংলাদেশিদের কাছে বাংলাদেশের ই-কমার্স (অনলাইনে পণ্য এবং সেবার কেনাবেচা) বিষয়ক সুযোগ-সুবিধা তুলে ধরার লক্ষ্যে তথ্য এবং যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়, ব্রিটেনস্থ বাংলাদেশ হাইকমিশন এবং প্রযুক্তি বিষয়ক ম্যাগাজিন মাসিক কম্পিউটার জগত্ যৌথভাবে এ মেলার আয়োজন করেছে। লন্ডনের গ্লচেস্টার মিলিনিয়াম হোটেলে প্রতিদিন সকাল ১১টা থেকে সন্ধ্যা ৮টা পর্যন্ত চলবে তিনদিনব্যাপী এ মেলা। পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি এ মেলার উদ্বোধন করবেন। ব্রিটিশ লর্ড সভার সদস্য লর্ড শেখ এবং এমপি কীথ ভাজ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। মেলার শেষ দিন উপস্থিত থাকবেন তথ্য এবং যোগাযোগ প্রযুক্তি মন্ত্রী হাসানুল হক ইনু।