ইউপিএ টানা তৃতীয়বার ভারতের সরকার গঠন করবে :সোনিয়া
প্রকাশ : ২৪ আগস্ট ২০১৩, ২২:৫২
ভারতের কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী বলেছেন, বিরোধী পক্ষ হাজার বার দাবি করলেও সরকার আগাম নির্বাচন দিবে না। তিনি বলেন, ক্ষমতার মেয়াদ শেষ হবার পরেই কেবল নির্বাচন দেয়া হবে। আগামী নির্বাচনে তার দল কংগ্রেসের নেতৃত্বাধীন ইউপিএ জোট টানা তৃতীয়বারের মতো ক্ষমতায় আসবে বলে তিনি মন্তব্য করেছেন। খবর পিটিআইয়ের।
সূত্র জানায়, লোকসভার চলতি অধিবেশনে খাদ্য নিরাপত্তা বিল এবং ভূমি অধিগ্রহণ বিল পাস করতে না পারার কারণে কংগ্রেস আগাম নির্বাচন দিবে কি না, দিল্লিতে সাংবাদিকদের এমন প্রশ্নে জবাবে ক্ষুব্ধ হন সোনিয়া। তিনি বলেন, ‘এসব প্রশ্নের জবাব দিতে আমি পারব না।’ কিন্তু সাংবাদিকরা নাছোড়বান্দা হয়ে তার বক্তব্য জানতে চান। বিরক্ত হয়ে ইউপিএ চেয়ারম্যান সোনিয়া সাফ জানিয়ে দেন, তাদের সরকারের লক্ষ্য মেয়াদ পূর্ণ করা।
পরে তিনি একটি মিডিয়া সেন্টার উদ্বোধনকালে বলেন, বিরোধী দল কিংবা সমালোচকরা যা-ই বলুক না কেন আগামী নির্বাচনে কংগ্রেসের নেতৃত্বে আবার ইউপিএ জোট গঠিত হবে। এবং নির্বাচনে অবশ্যই সেই জোট বিজয়ী হবে। অন্য কোনো দলের কিংবা জোটের ক্ষমতায় আসার সম্ভাবনা তিনি নাকচ করে দেন। এতো আত্মবিশ্বাস কিভাবে পেলেন, জবাবে তিনি বলেন -সময় হলেই আমার অনুমান সত্য নাকি মিথ্যা সেটা দেখতে পাবেন।