দ্যা ইকোনোমিস্ট : বাংলাদেশে নারীর অবস্থা
প্রকাশ : ২৫ আগস্ট ২০১৩, ১৯:৪৮
গত মঙ্গলবার প্রভাবশালী সংবাদপত্র ‘দ্যা ইকোনোমিস্ট’-এর এক প্রতিবেদনে বলা হয় বাংলাদেশের নারীদের আর্থ সামাজিক অবস্থার পরিবর্তন হচ্ছে দ্রুত এবং এই উন্নয়নের ধারা সন্তোষজনক। আর এই উন্নয়নের পেছনের মূল কারণ হিসেবে দেখানো হয়েছে দেশের নারী শিক্ষার বিকাশ এবং গার্মেন্টসসহ আরো বেশ কয়েকটি খাত থেকে প্রতি বছর প্রচুর অর্থ উপার্জনকে। রাজনীতিতে নারীদের অবস্থানের কথা বিশেষভাবে বলা হয়েছে।
এতো কিছুর পরও দেখা যাচ্ছে বাংলাদেশে নারীরা নানা বঞ্চনার শিকার হচ্ছে প্রতিনিয়ত। প্রতিটি ঘরের নারীরা কাজের সাথে বিশেষ করে কৃষি কাজের সাথে সম্পৃক্ত থাকলেও নারীরা মোট সম্পদের মাত্র ৩.৫ শতাংশের মালিক। এখান থেকে বিশ বছর আগে এই সম্পদের পরিমাণ ছিল মাত্র ২ শতাংশ।
আবার কাগজে-কলমে বাংলাদেশ প্রগতিশীল একটি দেশ হলেও বাস্তবতা ভিন্ন বলে উল্লেখ করা হয়েছে এই প্রতিবেদনে। নারীরা বাবা কিংবা স্বামীর পরিবারের কোনো সম্পত্তির মালিকানা পায় না। নারীদের অধিকার বাস্তবায়নে এই সরকার তাদের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী কাজ করতে পারেনি বলেও উল্লেখ করা হয়েছে। ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলো নারীদের অধিকার বাস্তবায়নে বাধা। বাংলাদেশের অধিকাংশ মানুষ ধর্মভীরু বলে হরহামেশাই নারীদের অধিকার ভুলুণ্ঠিত করছে। নারীদের অধিকার বাস্তবায়নের জন্য সরকারকে আরো দৃঢ় পদক্ষেপ নিতে বলা হয়েছে।