তসলিমা নাসরিনের অধিকার ফিরিয়ে দেয়ার দাবিতে মানববন্ধন
প্রকাশ : ২৫ আগস্ট ২০১৩, ২১:১৫
অনতিবিলম্বে তসলিমা নাসরিনের পূর্ণ অধিকার ফিরিয়ে দেয়া এবং তার দেশে ফেরার সবরকম আইনি বাধা তুলে নেয়ার দাবি জানিয়ে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ‘তসলিমা নাসরিন এর বন্ধুজন’।
গতকাল রবিবার জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত ঐ কর্মসূচিতে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক গীতি আরা নাসরিন ও কাবেরী গায়েন, নারী নেত্রী ফৌজিয়া খন্দকার ইভা ও শিপ্রা বোস, কবি রওশন ঝুনু, অ্যাডভোকেট নাহিদ সুলতানা, দিবাকর সরকার, লাভলী ইয়াসমিন, আশা মনি, শ্রাবণী প্রকাশনীর প্রকাশক রবীন আহসান, রুদ্র মোহাম্মদ, সাইফুল, আতিকুর রুবেল প্রমুখ।
বক্তারা আরও যে সকল দাবি করেন তার মধ্যে তসলিমার বিরুদ্ধে করা সকল মামলা তুলে নেয়া, লেখক, সাংবাদিক, ব্লগারসহ সকল নাগরিকের মত প্রকাশের স্বাধীনতা অক্ষুণ্ন রাখা, ধর্মীয় মৌলবাদসহ সংবিধানবিরোধী সকল রাজনৈতিক, সামাজিক গোষ্ঠীকে আইন করে নিষিদ্ধ ঘোষণা করা প্রভৃতি অন্যতম।