চরফ্যাশনে ভাঙন থেকে রক্ষার দাবিতে মানববন্ধন

নদী ভাঙন ও অমাবস্যা-পূর্ণিমার জোয়ারের প্লা্বন থেকে রক্ষার দাবিতে চরফ্যাশনে র্যালি ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। স্থানীয় এনজিও কোস্ট ট্রাস্ট, দ্বীপ উন্নয়ন সোসাইটি, পরিবার উন্নয়ন সংস্থা, গ্রামীণ জন উন্নয়ন সংস্থা এবং পল্লী সেবা সংস্থার আয়োজনে শনিবার সকালে চরফ্যাশন বাজারের সদর রোডে আয়োজিত মানববন্ধনে বক্তরা বলেন, ক্ষতিগ্রস্ত বাঁধ নির্মাণে ১৫০ কোটি টাকা বরাদ্দ হলেও সংশ্লিষ্ট ঠিকাদার কাজ না করে সমুদয় অর্থ আত্মসাত্ করেছেন। গত মে থেকে জুুলাই পর্যন্ত সৃষ্ট অস্বাভাবিক জোয়ারের প্রভাবে ভোলার ১২ কি.মি. নদীতীর বেড়িবাঁধসহ বিলীন হওয়ায় ভোলা জেলার ৬ উপজেলার ৩০টি ইউনিয়ন প্লাবিত হয় এবং ৫ লাখ লোক ৩ মাস যাবত্ পানিবন্দী হয়ে পড়ে। বক্তারা অনতিবিলম্বে প্রয়োজনে সেনাবাহিনী নিয়োগ করে বাঁধ তৈরি করে ভোলাবাসীকে রক্ষার দাবি জানান। মানববন্ধনে বক্তৃতা করেন চরফ্যাশন বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি প্রভাষক মনিরউদ্দিন চাষী, পৌর কাউন্সিলর আক্তারুল আলম সামু, চর মানিকা ইউপি চেয়ারম্যান রেজাউল করিম খন্দকার,পরিবার উন্নয়ন সংস্থার হিসাবরক্ষক নান্টু প্রমুখ।