ভুয়া ম্যাজিস্ট্রেট ও সাংবাদিকসহ ৫ জন র্যাবের হাতে গ্রেফতার

রাজধানীতে ভুয়া ম্যাজিস্ট্রেট ও সাংবাদিকসহ পাঁচজন গ্রেফতার হয়েছে। মোবাইল কোর্ট পরিচালনার সময় সন্দেহ হলে র্যাব-৩-এর একটি টিম শনিবার সন্ধ্যায় তাদের খিলগাঁও এলাকা থেকে গ্রেফতার করে। এরা হলেন ভুয়া ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জাদান (৩০), ভুয়া সাংবাদিক সাইফুল ইসলাম (৩০) মহিদুল ইসলাম (৩১), নজরুল ইসলাম ও গাড়ি চালক বুলবুল আহমেদ (২১)। তাদের কাছ থেকে জব্দ করা হয়েছে মোবাইল কোর্ট পরিচালনার বিভিন্ন সরঞ্জামাদি। গতকাল রবিবার র্যাব-৩ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি ফখরুল ইসলাম দফতরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। তিনি বলেন, গ্রেফতরকৃতরা খিলগাঁওয়ে একটি কারখানায় ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট পরিচয় দিয়ে অভিযান পরিচালনা করছিল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব ঐ এলাকার মমিনুল হকের (তুরাগ পানির পাম্প) কারখানা থেকে তাদের গ্রেফতার করে। অতিরিক্ত ডিআইজি আরো বলেন, গ্রেফতারকৃতরা কারখানা মালিকের কাছে ৫০ হাজার টাকা দাবি করছিল। এতে মালিকের সন্দেহ হলে তিনি র্যাবকে খবর দেন। পরবর্তীতে র্যাব তাদের চ্যালেঞ্জ করলে তারা পালাতে চেষ্টা করলে ৫ জনকে গ্রেফতার করা হয়। এদের সহযোগী আরো দুই সদস্য পলাতক রয়েছে। তাদের নিকট হতে জব্দ করা হয়েছে ৭ হাজার টাকা, একটি ক্যামী জীপ, একটি মোটর সাইকেল ও একটি ক্যামেরা।