ট্রেড লাইসেন্সের মাধ্যমে পরিচালিত কোচিং ব্যবসা বন্ধের দাবি
প্রকাশ : ২৫ আগস্ট ২০১৩, ২১:১৬
ট্রেড লাইসেন্সের মাধ্যমে পরিচালিত কোচিং ব্যবসা বন্ধের দাবি জানিয়েছে বাংলাদেশ শিক্ষক ঐক্য পরিষদ। গতকাল রবিবার রাজধানীর তোপখানা রোডের কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।
সম্মেলনে অভিযোগ করা হয়, শিক্ষা আইনের বেশ কিছু ধারা শিক্ষা ও শিক্ষক বিরোধী। তাই এই সব ধারা সংশোধন করতে হবে। সম্মেলনে বলা হয়, প্রস্তাবিত শিক্ষা আইনে শিক্ষকদের প্রাইভেট কোচিং বন্ধের কথা বলা হয়েছে। অথচ অনেক প্রতিষ্ঠান ট্রেড লাইসেন্সের মাধ্যমে কোচিং ব্যবসা পরিচালনা করছে। এদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়ার কথা প্রস্তাবিত শিক্ষা আইনের কোথাও উল্লেখ নেই।
শিক্ষক রাজনীতির বন্ধের বিষয়ে প্রস্তাবিত শিক্ষা আইনে উল্লেখ থাকার বিষয়টিও সমালোচনা করে এ ধারাটি বাতিলের দাবি জানানো হয়। সম্মেলনে সংগঠনের সাধারণ সম্পাদক রঞ্জিত কুমার সাহা, ডা. নূর মোহাম্মদ তালুকদার, শাহজাহান আলম সাজু, মো. শহীদুল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন।