জাতীয় বিশ্ববিদ্যালয়

দেশের অভ্যুদয়ের ইতিহাস নিয়ে ডিগ্রি ও অনার্সে নতুন কোর্স

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ডিগ্রি ও অনার্সে বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস নিয়ে নতুন কোর্স চালুর সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের অনার্স, ডিগ্রি (পাস) ১ম বর্ষে কলা, সামাজিক বিজ্ঞান, বাণিজ্য, বিজ্ঞানে ১০০ নম্বরের (৪ ক্রেডিট) এই কোর্স আবশ্যিক হিসাবে থাকবে। গতকাল রবিবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসের সিনেট হলে একাডেমিক কাউন্সিলের ৭৯তম সভায় এ বিষয়ে সিদ্ধান্ত হয়। সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. হারুন-অর-রশিদ। আমাদের ইতিহাস, ঐতিহ্য, দীর্ঘ জাতীয় মুক্তি সংগ্রাম, একাত্তরের মহান মুক্তিযুদ্ধ ও স্বাধীন বাংলাদেশের প্রতিষ্ঠা ইত্যাদি বিষয়ে শিক্ষার্থীদের জ্ঞাতার্থে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে। এছাড়া সভায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজসমূহের শিক্ষাকার্যক্রম সরেজমিনে মনিটরিং করার উদ্দেশ্যে একাডেমিক মনিটরিং টিম পাঠানো এবং ক্যাম্পাসে থিসিসসহ ১ বছর ৬ মাস মেয়াদী মাস্টার্স ও এমবিএ প্রোগ্রাম চালু করার সিদ্ধান্ত হয়।