ডোমারে মিল্কভিটার দুগ্ধ কেন্দ্র পুনঃস্থাপনের দাবি
ডোমার (নীলফামারী) সংবাদদাতা
প্রকাশ : ২৫ আগস্ট ২০১৩, ২১:১৮
দুধ সরবরাহ কমে যাওয়ার অজুহাতে ডোমারে মিল্কভিটার দুগ্ধ শীতলীকরণ কেন্দ্র বন্ধ করে অন্যত্র নেয়া হয়। কেন্দ্রটি বন্ধ হয়ে যাওয়ায় খামারীরা পুঁজি হারিয়ে বেকার হয়ে যায়। এতে খামারিদের মাঝে চাপা ক্ষোভ বিরাজ করছে। গত ২০০৪ সালে কেন্দ্রটি প্রতিষ্ঠার পর এলাকায় একের পর এক গড়ে উঠে দুগ্ধ খামার। স্বাবলম্বী হয় শ’ শ’ বেকার। সচ্ছলতা ফিরে পায় হাজার হাজার পরিবার। শীতলীকরণ কেন্দ্রটি বন্ধ হয়ে যাওয়ায় তাদের স্বচ্ছলতা নষ্ট হয়ে যায়। মিল্কভিটা বন্ধ হওয়ার ব্যাপারে কর্তৃপক্ষ জানায়, চাহিদামতো দুধ সরবরাহ না পাওয়ায় গত ২০১২ সালের ১ জুলাই মিল্কভিটা বন্ধ করে দিয়ে এর সকল যন্ত্রপাতি অন্যত্র স্থানান্তর করা হয়েছে। কর্মকর্তা ও কর্মচারীদেরও অন্যত্র বদলি করা হয়েছে। তারা জানায়, মিল্কভিটার গড় চাহিদা অনুযায়ী প্রতিদিন প্রয়োজন ১ হাজার লিটার দুধ অথচ গত দু’বছর ধরে খামারীরা সরবরাহ করে আসছে মাত্র দেড় থেকে ২ শ’ লিটার দুধ। ৪৬টি সমিতির মধ্যে দুধ সরবরাহ করে মাত্র ৭টি সমিতি। অবিলম্বে দুগ্ধ শীতলীকরণ কেন্দ্রটি পুনঃস্থাপন করার দাবি করেছে তারা।