বছরের শেষ গ্র্যান্ড স্ল্যামের শুরু আজ

শিরোপাধারী অ্যান্ডি মারে, নোভাক জোকোভিচ, রাফায়েল নাদাল, মেয়েদের বিভাগে চ্যাম্পিয়ন সেরেনা উইলিয়ামসরা বছরের শেষ গ্র্যান্ড স্ল্যাম ইউএস ওপেনের শিরোপা যুদ্ধে আজ থেকে নামছেন কোর্টে। বরাবরের মতোই কোর্টে তারকাদের ঝলকানি তো থাকছেই, তবে নতুন কয়েকটি বিষয় ফ্লাশিং মিডোর ১৩৩তম আসরটিতে যোগ করতে যাচ্ছে ভিন্ন মাত্রা। কোর্টের ভেতর ও বাইরের অনেক কিছুই আগামী কদিন আলোড়িত করবে টেনিসামোদীদের। তার আগে দেখে নেয়া যাক মোটা দাগে কটি বিষয়। মারের শিরোপা ধরে রাখার লড়াই : অ্যান্ডি মারের জন্য ইউএস ওপেনের এবারের আসরটা এবার আসলেই বিশেষ কিছু। কারণ, বিলি জিন কিং অ্যারেনায় এবারই প্রথম শিরোপাধারী হিসেবে প্রবেশ করতে যাচ্ছেন তিনি। মারের শঙ্কা, এই বাড়তি চাপই তার জন্য শেষ পর্যন্ত কাল হয়ে দাঁড়াতে পারে। তাছাড়া এই শিরোপা জিতেই ব্রিটিশদের ৭৬ বছরের গ্র্যান্ড স্ল্যাম শিরোপা খরা ঘোচানো মারের হার্ডকোর্ট মৌসুমটিও ভালো যায়নি মোটেই। উইম্বলডন শিরোপার পর হার্ডকোর্টে খেলা দুইটি টুর্নামেন্টেই ফাইনালের আগেই বিদায় নিতে হয়েছে তাকে। শীর্ষ বাছাই নোভাক জোকোভিচের সঙ্গে মারে একই অর্ধে থাকায়, সেমিফাইনালে হয়তো গত বছরের ফাইনালের পুনরাবৃত্তি দেখা যাবে। নাদালের পুনরুত্থান : টেনিস ক্যারিয়ারের সর্বনিম্ন আর সর্বোচ্চ বিন্দু; গত দুই বছরে নাদালকে এই দুইই দেখতে হয়েছে। হাঁটুর চোটে প্রায় সাত মাস কোর্টের বাইরে থাকার পর নাদালের প্রত্যাবর্তনটা হয়েছে আসলেই দুর্দান্ত। এই মৌসুমে এ পর্যন্ত ১১টি টুর্নামেন্টে অংশ নিয়ে ফাইনাল খেলেছেন নয়টিরই। রোলা গ্যারোতে ওপেন যুগের প্রথম পুরুষ হিসেবে গড়েছেন একই গ্র্যান্ড স্ল্যামে অষ্টম শিরোপা জয়ের রেকর্ড। এরপর উইম্বলডনের দ্বিতীয় রাউন্ডে বিদায় নিলেও, হার্ডকোর্টে ক্লে কোর্ট সম্রাট এবার দারুণ ধারাবাহিক হার্ড কোর্টেও। মন্ট্রিল এবং সিনসিনাটিতে দুইটি প্রস্তুতিমূলক টুর্নামেন্ট জিতে এ মৌসুমে নিজের হার্ডকোর্ট রেকর্ডটিকে ১৫-০ তে উন্নীত করেছেন তিনি। পাশাপাশি র্যাঙ্কিংয়েও এই স্প্যানিয়ার্ডের অবস্থান এখন দুই নম্বরে। সাত নম্বরে ফেদেরার : রেকর্ড ১৭ বারের গ্র্যান্ড স্ল্যাম চ্যাম্পিয়ন রজার ফেদেরারকে এবার কোর্টে নামতে হচ্ছে পুরুষ এককের সপ্তম বাছাই হিসেবে, যা কিনা গত দশ বছরে তার জন্য সর্বনিম্ন। সিনসিনাটির ফাইনালে নাদালের কাছে হেরে গিয়ে বর্তমানে র্যাঙ্কিংয়ে এই সুইস সুপারস্টারের অবস্থান সাত নম্বরে। আর এসবকিছুর ফলাফল স্বরূপ এ মৌসুমে একটিও বড় শিরোপা জিততে না পারা ফেদেরার নতুন র্যাকেট বদলে ফিরে গেছেন নিজের পুরনো র্যাকেটেই। তবে তারপরও নিউইয়র্কে নিজের ষষ্ঠ শিরোপা জিততে কঠিন এক পথই পাড়ি দিতে হবে এমাসেই ৩২-এ পা দিতে যাওয়া এই তারকাকে। কারণ অপ্রত্যাশিত কিছু না ঘটলে, শেষ আটে তাকে লড়তে হবে নাদালের বিরুদ্ধে। যেটি হবে ইউএস ওপেনে তাদের প্রথম সাক্ষাত্। সেরেনাকে রুখবেন কে : দুর্দান্ত ফর্মে থাকা সেরেনার জন্য ইউএস ওপেনের এবারের আসরে অনুপ্রেরণার কোন কমতি নেই। ষোলটি গ্র্যান্ড স্ল্যাম জেতা এই আমেরিকান এর আগে কখনোই এই টুর্নামেন্টটির শিরোপা ধরে রাখার স্বাদ পাননি। তাছাড়া, এবার শিরোপা জিতলে কিংবদন্তি মার্গারেট কোর্টকে দুইয়ে ঠেলে দিয়ে ওপেন যুগের সবচেয়ে বেশি বয়সী ইউএস ওপেন চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করবেন তিনি। শুধু তাই নয়, এই এক নম্বরের সামনে আছে বিশাল অঙ্কের অর্থ পুরস্কারের হাতছানিও। চ্যাম্পিয়নের ২৬ লাখ ডলারের পাশাপাশি ইউএস ওপেন সিরিজ জয়ী হিসেবে তিনি বোনাস পাবেন আরো দশ লাখ ডলার। প্রাইজমানির হিসেবেও এটি হবে নতুন রেকর্ড। সেরেনাকে শিরোপা বঞ্চিত করতে পারেন এমন খেলোয়াড়দের মধ্যে আছেন- গত বছরের ফাইনালিস্ট এবং বর্তমান অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়ন ভিক্টোরিয়া আজারেঙ্কা। উইম্বলডন চ্যাম্পিয়ন মারিয়ন বারতোলির অকাল অবসর এবং ইনজুরির কারণে মারিয়া শারাপোভার নাম প্রত্যাহার সেরেনার পথকে আরো সহজই করে দিয়েছে। নতুন ‘সোমবার’ : সেই ১৯৬৮ সালে ওপেন যুগ শুরু হবার পর এবারই প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে বছরের শেষ গ্র্যান্ড স্ল্যামটি শেষ হতে যাচ্ছে সোমবারে। পুরুষ খেলোয়াড়দের সেমিফাইনাল এবং ফাইনালের মধ্যে একদিনের বিশ্রামের সুযোগ করে দিতেই এই প্রথা পরিবর্তন। গত পাঁচ বছরই টুর্নামেন্টটি সোমবারে শেষ হলেও তার কারণ ছিল বৃষ্টির বাঁধা। তবে টুর্নামেন্ট কর্তৃপক্ষ প্রায় ১০ কোটি ডলার ব্যয়ে দুইটি সংকোচনক্ষম ছাদ তৈরির পরিকল্পনা হাতে নেয়ায় ভবিষ্যতে আর বৃষ্টি নিয়ে ভাবতে হচ্ছে না। অর্থের হাতছানি : পুরুষ এবং মহিলা টেনিসের দুই নিয়ন্ত্রক সংস্থা এটিপি এবং ডব্লিউটিএ-এর চাপে টুর্নামেন্টের প্রাইজমানি এবার বাড়ছে আরো এক দফা। প্রায় সাড়ে তিন কোটি ডলার প্রাইজমানির মধ্যে দুই এককের দুই চ্যাম্পিয়ন পাচ্ছেন প্রায় আড়াই কোটি ডলার করে। প্রথম রাউন্ড থেকে যে বিদায় নেবেন তারাও ফিরবেন ৩২,০০০ হাজার ডলার সাথে নিয়ে।