রোডসের বিয়ে বিপত্তি

কাজের সূত্রে দীর্ঘদিন ধরে ভারতে অবস্থান করছেন দক্ষিণ আফ্রিকার সাবেক ক্রিকেটার জন্টি রোডস। আইপিএল চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্সের ফিল্ডিং কোচ হিসেবে তাকে সফলই বলা চলে। তাই এখানেই বিয়ের কথাও ভাবছেন তিনি; কিন্তু বিয়ের অনুমতিপত্র নিতে গিয়ে রোডসের উপলব্ধি, ভারতে বিয়ে করাটা বিদেশিদের জন্য মোটেই সহজ নয়। দক্ষিণ আফ্রিকার অন্যতম সেরা ফিল্ডার হিসেবে পরিচিত রোডস ফটোগ্রাফার ক্যারোলিন ম্যাকক্লেল্যান্ডকে নিয়ে সম্প্রতি গোটা দেশ চষে বেড়াচ্ছেন। দুই জনেরই লক্ষ্য ভারতে বিয়ে করা; কিন্তু কোনভাবেই তারা সফল হতে পারছেন না। কারণ এ জন্য তাদেরকে বহুরকম কাগজপত্র যোগাড় করতে হচ্ছে। যে কারণে রোডস বলছেন, ‘ভারতে বিয়ে করা রীতিমত একটি মিশন। একজন অভারতীয়ের ক্ষেত্রে বহুরকম কাগজপত্র জোগাড় করতে হয়। এজন্য কিছু কাগজপত্র দেখাতে হয় এটি ঠিক; কিন্তু এটি আমাদের সাধ্যের বাইরে। আমি নিশ্চিত- ভারতে প্রচুর বিয়ে-সাদি হচ্ছে; কিন্তু সেখানে আমার কোন সুযোগ থাকছে না!’