অবসরে যাচ্ছেন ফুটবলার নজরুল
প্রকাশ : ২৫ আগস্ট ২০১৩, ২২:১৫
ফুটবলের দীর্ঘ ক্যারিয়ার শেষ করতে যাচ্ছেন তারকা ডিফেন্ডার নজরুল ইসলাম। জাতীয় ফুটবল দলের এই সাবেক খেলোয়াড় এবার নতুন মৌসুমের শুরুতেই জার্সি খুলে ফেলবেন বলে জানা গেছে। আগামি ফেডারেশন কাপ ফুটবল টুর্নামেন্টের কোনো একটি গুরুত্বপূর্ণ ম্যাচে নজরুলকে শেষবারের মতো মাঠে দেখা যাবে। ফুটবল থেকে বিদায় নেবেন নজরুল সে সিদ্ধান্ত নিয়েছিলেন অনেক আগেই। কিন্তু আবাহনী থেকে তাকে অবসর না নিতে অনুরোধ করা হয়। ফুটবলের গত মৌসুমে নজরুলকে দেখা যায়নি মাঠে। তবে তিনি প্রতিনিয়ত ফুটবলের সাথে সম্পৃক্ত ছিলেন। আবাহনীর গত কয়েক মৌসুমের দল গঠনের প্রক্রিয়ার সাথে জড়িয়ে ছিলেন নারায়ণগঞ্জের ফুটবলার নজরুল ইসলাম।
সাবেক তারকা ফুটবলার আশরাফ উদ্দিন আহমেদ চুন্নু, মোনেম মুন্নার পথ অনুসরণ করে ঢাকার ফুটবলে পা রেখে ২০০৭ সালে জাতীয় দলের নেতৃত্ব দেন নজরুল। ৯৩ সালে ঢাকার ফুটবলে ফরাশগঞ্জ দিয়ে খেলতে শুরু করেন তিনি। এছাড়াও মোহামেডান, ব্রাদার্সে ৯৫ সালে জাতীয় ফুটবল দলে নাম লেখান।