জাতীয় দলে ফিরতে দৃঢ় প্রতিজ্ঞ যুবরাজ সিং
প্রকাশ : ২৫ আগস্ট ২০১৩, ২২:১৬
ভারতের বিশ্বকাপ জয়ের নায়ক এবং বর্তমানে দলের বাইরে থাকা যুবরাজ সিং বলেছেন, পুনরায় জাতীয় দলে ফিরতে সম্ভাব্য সব কিছু করবেন তিনি। সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে গত শুক্রবার যুবরাজ এ কথা বলেন।
মৃত্যুঞ্জয়ী এ অলরাউন্ডার বলেন, ২০১৫ বিশ্বকাপ তার লক্ষ্য নয় বরং যত দ্রুত সম্ভব দলে ফেরাটাকেই তিনি এই মুহূর্তে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন। তিনি বলেন, ‘২০১৫ বিশ্বকাপের এখনো অনেক দিন বাকি আছে। আমার লক্ষ্য হচ্ছে এই মুহূর্তে জাতীয় দলে ফেরা। সে চ্যালেঞ্জ মোকাবেলার আগে আমার যত সম্ভব বেশি ক্রিকেট খেলতে হবে।’
দলে ফেরার ক্ষেত্রে ফিটনেসকেই সবচেয়ে বড় চ্যালেঞ্জ মানছেন এই বাঁহাতি। আর অচিরেই ফিটনেস ফিরে পেতে জহির খানকে সাথে নিয়ে ছয় সপ্তাহ ফ্রান্সে প্রশিক্ষণও গ্রহণ করেছেন তিনি। দেশের বাইরে এবং ধারাবাহিকভাবে গণমাধ্যম থেকে দূরে থেকে এই প্রশিক্ষণ তার জন্য সহায়ক হবে বলে মনে করছেন যুবরাজ। যুবরাজ বলেন, ‘ক্যান্সার থেকে সেরে উঠে আমি ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে অনুশীলন করেছি; কিন্তু আমি ভারতের বাইরে কোথাও অনুশীলন করতে চেয়েছি, কেননা এখানে মনোসংযোগে অনেক বেশি বিঘ্ন ঘটে। কেবল আপনাদের (গণমাধ্যম) থেকে দূরে থাকতে পরাটাই ছিল অনেক বেশি সহায়তা।’