চট্টগ্রামে ক্রিকেট ভেন্যু পরিদর্শনে নিউজিল্যান্ডের প্রতিনিধি দল
প্রকাশ : ২৫ আগস্ট ২০১৩, ২২:১৬
চট্টগ্রামে গতকাল রবিবার ক্রিকেট ভেন্যু পরিদর্শন করেছেন নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের চার সদস্যের একটি প্রতিনিধি দল। নিউজিল্যান্ড দলের ব্যবস্থাপক মাইক স্যান্ডল, নিরাপত্তা বিশেষজ্ঞ স্যাম ডিকসন, প্লেয়ার্স অ্যাসোসিয়েশনের প্রধান নির্বাহী কর্মকর্তা হিথ মিলস ও প্লেয়ার অ্যাসোসিয়েশন প্রতিনিধি হেনরি মুর পরিদর্শন শেষে ভেন্যু নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন প্রতিনিধি দল। উল্লেখ্য, আগামী অক্টোবরে ?নিউজিল্যান্ড ক্রিকেট দল বাংলাদেশ সফর করবেন। এ সফরে দু’টি টেস্ট, তিনটি ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার কথা রয়েছে। দলটি সকালে সাগরিকা জহুর আহমদ চৌধুরী বিভাগীয় স্টেডিয়ামের মাঠ, মিডিয়া বক্স, ডেসিং রুম ঘুরে দেখেন। আগামী ৯ থেকে ১৩ অক্টোবর পর্যন্ত এই মাঠে একটি টেস্ট ম্যাচ হওয়ার কথা রয়েছে। পরে তারা বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্সের অনুশীলন মাঠ ঘুরে দেখেন। দুপুরে এমএ আজিজ স্টেডিয়ামও পরিদর্শন করেন। এ মাঠে আগামী ৩ থেকে ৫ অক্টোবর পর্যন্ত তিনদিনের একটি টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এ সময় প্রতিনিধি দলের হেনরি মুর বলেন, দু’টি ভেন্যু দেখে আমরা খুবই সন্তুষ্ট। ম্যাচের জন্য সব প্রস্তুতি রয়েছে। নিরাপত্তার বিষয়টিও আমরা দেখেছি। এতেও ভাল প্রস্তুতি রয়েছে। আশা করছি একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ হবে। আ.জ.ম নাছির উদ্দিন বলেন, একটি আন্তর্জাতিক ভেন্যুর জন্য যা যা সুযোগ সুবিধা থাকে তার সব রয়েছে ভেন্যু দু’টিতে। ভেন্যু দু’টি দেখে প্রতিনিধি দল খুবই সন্তুষ্ট।