মনোনয়ন পেতে দুই প্রার্থীর সাংবাদিক সম্মেলন
বেতাগী (বরগুনা) সংবাদদাতা
প্রকাশ : ২৫ আগস্ট ২০১৩, ২২:৫২
জেলায় বরগুনা-২ (বেতাগী-বামনা-পাথরঘাটা) আসনের উপ-নির্বাচনে অংশগ্রহণে আগ্রহ প্রকাশ করে মনোনয়নের জন্য দুই দলের সম্ভাব্য দুই প্রার্থী সম্প্রতি পৃথক সাংবাদিক সম্মেলনের আয়োজন করেছে। বরগুনা আওয়ামী লীগের সহ-সভাপতি ফারুক মেজবাহ উদ্দিন খান গত শনিবার সন্ধ্যায় সাপ্তাহিক বিষখালী কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলন করেন। এ সময় পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাদিসুর রহমান পান্না, সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি লুত্ফর রহমান স্বপন, আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম, জলিলুর রহমান উপস্থিত ছিলেন।
ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনয়ন প্রত্যাশী সাবেক সংসদ সদস্য গোলাম সরোয়ার হিরু উপ-নির্বাচনে অংশগ্রহণের আগ্রহ প্রকাশ করে শনিবার সন্ধ্যায় সাপ্তাহিক বিষখালী কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলন করেন। এ সময় দলের বেতাগী উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব আবদুল খালেক সিকদার, প্রেসক্লাব সভাপতি মিজানুর রহমান মজনু, সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম মন্টু প্রমুখ উপস্থিত ছিলেন।