জাবিতে শিক্ষকরা ফিরেছেন ক্লাসে ক্যাম্পাস প্রাণবন্ত

ভিসি অধ্যাপক আনোয়ার হোসেনের পদত্যাগ দাবিতে সাধারণ শিক্ষক ফোরামের আন্দোলনে স্থবির হয়ে পড়েছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। গত শনিবার রাতে আন্দোলন স্থগিত করে ক্লাসে ফিরেছেন শিক্ষকরা। আবারও প্রাণ ফিরে পেয়েছে সবুজে ঘেরা এ ক্যাম্পাস। শিক্ষকদের আন্দোলন কর্মসূচি স্থগিতের পর গতকাল রবিবার অধিকাংশ বিভাগে ক্লাস পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক আনোয়ার হোসেনের পদত্যাগ দাবিতে গত বুধবার বেলা ১১টা থেকে তাকে নিজ কার্যালয়ে অবরোধ করে রেখেছিল আন্দোলনকারী শিক্ষকরা। শনিবার শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সাথে বৈঠক শেষে রাত পৌনে বারোটায় এক সংবাদ সম্মেলনে সাধারণ শিক্ষক ফোরামের সদস্য সচিব কামরুল আহসান জানান, শিক্ষামন্ত্রীর সাথে আলোচনা ফলপ্রসূ হয়েছে। ভিসির বিরুদ্ধে যে অভিযোগগুলো আমরা উত্থাপন করেছি তা তিনি আমলে নিয়েছেন এবং আগামী পনের দিনের মধ্যে এ ব্যাপারে উচ্চ ক্ষমতাসম্পন্ন একটি কমিটি করে রিপোর্ট প্রদান করতে বলা হয়েছে। তাই আগামী পনের দিনের জন্য আমাদের আন্দোলন কর্মসূচি স্থগিত থাকবে। শিক্ষকদের সংবাদ সম্মেলনের পর পরই ভিসি অধ্যাপক আনোয়ার হোসেন সাংবাদিকদের বলেন, আশাকরি শিক্ষকরা ক্লাসে ফিরে যাবেন। মন্ত্রণালয় থেকে যে উদ্যোগ নেয়া হয়েছে তা সাময়িক সমাধান। এ সময় উপস্থিত ছিলেন প্রো-ভিসি (শিক্ষা) অধ্যাপক এমএ মতিন, অধ্যাপক আফসার আহমদ (প্রশাসন), কোষাধ্যক্ষ আবুল খায়ের, রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক ও প্রক্টর অধ্যাপক মুজিবুর রহমান। পরে রাত একটার দিকে ভিসি নিজ বাসভবনে পৌঁছেন। ফলে ৮৪ ঘণ্টা পর অবরোধ থেকে মুক্ত হন ভিসি অধ্যাপক আনোয়ার হোসেন। আন্দোলনরত শিক্ষক ফোরামের আহ্বায়ক অধ্যাপক মুহাম্মদ হানিফ আলী বলেন, শিক্ষামন্ত্রীর সঙ্গে আমাদের ফলপ্রসূ আলোচনা হয়েছে, এজন্য আমরা ক্লাসে ফিরে গেছি। আশা করছি আমাদের দাবি পূরণ হবে।