ঢাবির নির্বাচিত উপাচার্য হলেন আরেফিন সিদ্দিক
প্রকাশ : ২৫ আগস্ট ২০১৩, ২২:৫৪
ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচিত উপাচার্য হিসাবে আগামী চার বছরের জন্য নিয়োগ পেলেন বর্তমান উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক। বিশ্ববিদ্যালয়ে আচার্য ও রাষ্ট্রপতি এই নিয়োগ অনুমোদনের পর গতকাল রবিবার শিক্ষা মন্ত্রণালয় এ বিষয়ে একটি আদেশ জারি করে। নিয়োগ পাওয়ার পর গতকালই তিনি নির্বাচিত উপাচার্য হিসাবে যোগদান করেছেন।
শিক্ষা মন্ত্রণালয়ের আদেশে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় আদেশ ১৯৭৩-এর ১১(১)-এর ধারা অনুযায়ী সিনেট কর্তৃক মনোনীত তিন ব্যক্তির প্যানেল থেকে রাষ্ট্রপতি ও চ্যান্সেলর অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিককে চার বছরের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসাবে নিয়োগ দিয়েছেন। তবে রাষ্ট্রপতি প্রয়োজন মনে করলে ঐ মেয়াদ শেষ হওয়ার আগেই নিয়োগ বাতিল করতে পারবেন। গত শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেটের এক বিশেষ অধিবেশনে তিন জনের উপাচার্য প্যানেল নির্বাচন করা হয়। উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিকের সঙ্গে এই প্যানেলে নির্বাচিত হন দুই উপ-উপাচার্য অধ্যাপক নাসরিন আহমাদ ও সহিদ আকতার হোসাইন।
বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক ২০০৯ সালের ১৫ জানুয়ারি উপাচার্য পদে নিয়োগ পান। বিশ্ববিদ্যালয় অধ্যাদেশের ১১(১) ধারা অনুযায়ী, একজন নির্বাচিত উপাচার্য নিয়োগের আগ পর্যন্ত সাময়িকভাবে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাজ পরিচালনার জন্য তাকে ওই দায়িত্ব দেয়া হয়; কিন্তু সাড়ে চার বছর পর উপাচার্য প্যানেল নির্বাচন হলো।
১৯৫৩ সালের ২৩ অক্টোবর ঢাকায় জন্ম নেয়া আরেফিন সিদ্দিক ১৯৭৫ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে স্নাতকোত্তর পরীক্ষায় প্রথম শ্রেণিতে প্রথম হন। এরপর ঐ বিভাগেই তিনি প্রভাষক হিসাবে যোগ দেন। এর আগে আরেফিন সিদ্দিক দুই মেয়াদে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও সভাপতির দায়িত্ব পালন করেন।