বাংলাদেশে একতরফা নির্বাচনের সংস্কৃতি নেই :সুরঞ্জিত
প্রকাশ : ২৫ আগস্ট ২০১৩, ২২:৫৬
আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও দপ্তরবিহীন মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, বাংলাদেশে একতরফা নির্বাচনের সংস্কৃতি নেই। সকল দলের অংশগ্রহণে নির্বাচন হবে। সারা বিশ্বে যে ফর্মূলায় নির্বাচন হয় বাংলাদেশেও তেমনই হবে। এ নিয়ে কোন আতঙ্ক ছড়ানোর সুযোগ নেই। রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের সেমিনার হলে গতকাল রবিবার নৌকা সমর্থক গোষ্ঠীর আয়োজনে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আগামী ১২ সেপ্টেম্বর সংসদ অধিবেশন বসছে। নির্বাচনকালীন সরকার প্রশ্নে বিরোধী দলের কোন প্রস্তাব থাকলে তা তারা সংসদে পেশ করতে পারে। তাদের দেয়া রূপরেখা পর্যালোচনা করেই সমাধান বের করা হবে। এজন্য বিদেশি কোন উকিল ধরার দরকার নেই। আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে জঙ্গীবাদ ও অপতত্পরতার বিরুদ্ধে রুখে দাঁড়াতে তিনি দলের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
সংগঠনের সহ-সভাপতি নাজির মিয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। বক্তব্য দেন—ঢাকা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ফয়েজ উদ্দিন মিয়া, আওয়ামী লীগ নেতা শফিকুল বাহার মজুমদার টিপু, ব্যারিস্টার জাকির আহমদ, আসাদুজ্জামান দুর্জয় ও হুমায়ূন কবির মিজি প্রমুখ।