সিঙ্গাপুর পৌঁছেছেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি আবদুল হামিদ সাত দিনের এক সফরে রবিবার সিঙ্গাপুর পৌঁছেছেন। তিনি সেখানে সিঙ্গাপুর ন্যাশনাল আই সেন্টারে চোখের ফলো-আপ চিকিত্সা করাবেন। সিঙ্গাপুর থেকে ঢাকায় প্রাপ্ত এক বার্তায় বলা হয়েছে, রাষ্ট্রপতি গতকাল সকালে চ্যাংগি আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছালে বাংলাদেশে সিঙ্গাপুরের হাইকমিশনার চ্যান হেং উইন ও সিঙ্গাপুরে বাংলাদেশের হাইকমিশনার মাহবুব উজ জামান তাকে স্বাগত জানান। রাষ্ট্রপতি চক্ষু চিকিত্সার পাশাপাশি সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করাবেন। তিনি সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে শনিবার রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর ত্যাগ করেন। আগামী ৩১ আগস্ট তিনি দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে।