প্রিন্স হ্যারি এবছরই বান্ধবীকে বিয়ের প্রস্তাব দেবেন!
প্রকাশ : ২৫ আগস্ট ২০১৩, ২২:৫৯
ভাল লাগা, ভালবাসা এবং পরিণয়। এই তিনটির প্রথম দুটি কি শেষ করতে যাচ্ছেন ব্রিটিশ সিংহাসনের চতুর্থ উত্তরাধিকারী প্রিন্স হ্যারি! চলতি বছর আংটি বদল এবং আগামী গ্রীষ্মে বিয়ের পিড়িতে বসতে যাচ্ছেন তিনি। রাজপরিবার সূত্রে এমন তথ্যই জানা গেছে। তবে পরিবারের পক্ষ থেকে এ বিষয়ে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানানো হয়েছে।
রাজপরিবারের পক্ষ থেকে বিষয়টিকে ব্যক্তিগত বলে মন্তব্য করা হয়েছে। সূত্র জানিয়েছে, ২৮ বছর বয়সী প্রিন্স হ্যারি তার ২৪ বছর বয়সী বান্ধবী ক্রেসিডা বোনাসকে বিয়ের প্রস্তাব দেয়ার পরিকল্পনা করছেন। গত বছর জুলাইয়ে তাদের একসঙ্গে দেখা গেছে। এ বছর তাদের মধ্যে আংটি বদলের সম্ভাবনা রয়েছে। চলতি মাসে বোনাসকে তিনি আফ্রিকা মহাদেশের অ্যাঙ্গোলা সফরে নিয়ে যান। এই একই কাজ করেছিলেন প্রিন্স উইলিয়ামও। তিনি ২০১০ সালে কেট মিডলটনকে আফ্রিকা মহাদেশের অন্যতম দেশ কেনিয়ায় নিয়ে যান। সেখানে গিয়ে তিনি কেটকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন। হ্যারি তার বন্ধু মহলে রহস্য করে বলেছেন, নাচের শিল্পী ক্রেসিডাকে যে কোনো সময়ই প্রস্তাব দেয়া হতে পারে। সূত্র জানিয়েছে, কিংস্টন প্যালেস আংটি বদলের প্রস্তুতি সম্পন্ন করেছে এবং হ্যারি ও তার বান্ধবীর নিরাপত্তার ব্যবস্থা করা হচ্ছে। তারা দুজনেই ফটোসাংবাদিকদের বিষয়ে সতর্কতা অবলম্বন করছেন। -ডেইলি মেইল