ছাত্রলীগের একাংশকে ম্যানেজ করে তুহিনের রগ কাটে শিবির
প্রকাশ : ২৫ আগস্ট ২০১৩, ২৩:০২
রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এসএম তৌহিদ আল হাসান তুহিনের ওপর ছাত্রশিবিরই হামলা চালিয়েছে। তার রগ কাটার সঙ্গে ছাত্রশিবিরের ক্যাডাররা জড়িত। তবে শিবির ক্যাডারদের এই হামলায় সহায়তা করেছে ছাত্রলীগের পদ বঞ্চিত নেতাকর্মীরা। রাজশাহীতে গ্রেপ্তার ছাত্রশিবির নেতা আব্দুল্লাহ আল মাসুম পুলিশের কাছে এ তথ্য জানিয়েছে। গতকাল রবিবার দুপুরে রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানা শাখা ছাত্রশিবিরের ক্রীড়া সম্পাদক মাসুমকে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সামনে হাজির করা হয়। এ সময় মাসুম জানায়, গেল বছরের ১১ সেপ্টেম্বর ছাত্রশিবিরের নেতাকর্মীরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শোডাউন করতে গেলে তুহিনের নেতৃত্বে ছাত্রলীগ হামলা চালায়। এরপর থেকেই তুহিন ছাত্রশিবিরের টার্গেটে পড়েন। গত ২ অক্টোবর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রলীগের সঙ্গে ছাত্রশিবিরের সংঘর্ষ এবং বন্দুকযুদ্ধ হয়। ওই দিনও তুহিন পুলিশের সামনেই ছাত্রশিবিরের নেতাকর্মীদের লক্ষ্য করে প্রকাশ্যে গুলিবর্ষণ করেন। এ ঘটনার পর তুহিন ছাত্রশিবিরের কাছে ছিলেন মোস্ট ওয়ান্টেড।
মাসুম আরো জানান, গত ২০ জুলাই রাবি শাখা ছাত্রলীগের কমিটি গঠিত হয়। ওই কমিটিতে তুহিন সাধারণ সম্পাদক হন। কিন্তু কমিটিতে পদবঞ্চিত হন দলের অনেক ত্যাগী নেতাকর্মী। এই পদবঞ্চিত নেতাকর্মীদের একাংশ তুহিনকে শায়েস্তা করতে শিবিরের সঙ্গে আঁঁতাত করেন। ছাত্রলীগ সাধারণ সম্পাদক তুহিনের আস্থা অর্জনের জন্য তাদেরই কয়েকজন সার্বক্ষণিক সঙ্গেই থাকতেন। বডিগার্ডের মতো অনুসরণ করতেন তুহিনকে। তুহিনের খবরাখবর তারাই শিবিরকে জানিয়ে দিতেন।
এদিকে গতকাল রবিবার মাসুমকে রাজশাহীর চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড আবেদন করেছে মহানগর ডিবি পুলিশ। মাসুম ঢাকায় প্রাইম ইউনিভার্সিটির বিএসসি ২য় বর্ষের ছাত্র। তার বাড়ি রাজশাহী নগরীর তেরখাদিয়া এলাকায়।