টাঙ্গাইলে ৩ মাসের শিশুকে গলা কেটে হত্যার পর মায়ের আত্মহত্যার চেষ্টা
নাগরপুর (টাঙ্গাইল) সংবাদদাতা
প্রকাশ : ২৫ আগস্ট ২০১৩, ২৩:০৫
জেলার নাগরপুরে পারিবারিক কলহের জের ধরে ৩ মাসের শিশু কন্যাকে গলা কেটে হত্যার পর মা ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করে। গতকাল রবিবার উপজেলার ডাকাতমারা গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, উপজেলার মোকনা ইউনিয়নের ডাকাতমারা গ্রামের বকুলি আক্তারের সাথে দেলদুয়ার উপজেলার গড়াসিন গ্রামের ময়নালের প্রায় ৮ বছর আগে বিয়ে হয়। বিয়ের পর থেকে তাদের মধ্যে পারিবারিক কলহ চলে আসছিল। এরই জের ধরে গতকাল দুপুরে বকুলি আক্তার দা দিয়ে তার নবজাত শিশু মারিয়াকে নৃশংসভাবে হত্যা করেন। পরে নিজের গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করেন তিনি। এ সময় প্রতিবেশীরা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করেন। নাগরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, এ ঘটনায় শিশুটির মা বকুলি আক্তারকে গ্রেফতার করা হয়েছে। বর্তমানে তাকে পুলিশ প্রহরায় চিকিত্সা দেয়া হচ্ছে।