বিদেশি স্ত্রীর সংখ্যা বেশি হওয়ায়...

পৃথিবীতে অনেক পুরুষ আছে যারা ঘন ঘন বিয়ে করা পছন্দ করে। বিয়ে করা তাদের একটা নেশায় পরিণত হয়। আর এ নেশা বিরাট নেশা! অস্ট্রেলিয়ার এক নাগরিকের এই নেশায় বাধ সেজেছে দেশটির অভিবাসন অফিস। তিনি আর কোনো বিদেশী নারীকে বিয়ে করতে পারবেন না। কিন্তু বিদেশী এক নারীর সঙ্গে এতদিনে গড়ে ওঠা তার ভালাবাসার মূল্য কী তাহলে বৃথা যাবে! রেক্স পিটারসন নামের ওই ব্যক্তি ইতোমধ্যে তিনটি বিয়ে করেছেন। তার প্রথম স্ত্রী স্বদেশী। দ্বিতীয় স্ত্রী সিসিলি এবং তৃতীয়জন ফিলিপাইনের। এবার গত ১৮ মাস ধরে ফিলিপাইনের মারিয়া ক্যানেলস্ (৩৬) নামের আরেক নারীর সঙ্গে তার মধুর প্রেমের সম্পর্ক গড়ে উঠেছে। চতুর্থ বিয়ে করতে তৃতীয়জনকে ইতোমধ্যে ডিভোর্সও দিয়েছেন পিটারসন (৬৬)। পরিবারের পক্ষ থেকে বিয়ের সব প্রক্রিয়া সম্পন্নও করেছেন। সবকিছুর পরে হবু চতুর্থ স্ত্রীর ভিসার কাজ সম্পন্ন করতে গিয়েছিলেন অভিবাসন অফিসে। কিন্তু বিধি বাম! অভিবাসন কর্মকর্তারা জানিয়েছেন, তিনি আর কোনো স্ত্রী কে স্পন্সর করতে পারবেন না। কারণ অস্ট্রেলিয়ার আইন অনুযায়ী দুইজন বিদেশী স্ত্রীকে দেশে আনা যাবে। - ইউপিআই।