মেঘনায় পুলিশের সাথে বন্দুকযুদ্ধে ৪ জলদস্যু গুলিবিদ্ধ

লালমোহনের মেঘনায় জলদস্যুদের সাথে পুলিশের বন্দুকযুদ্ধে চার জলদস্যু আহত হয়েছে। তবে কেউ নিহত হয়েছে কীনা পুলিশ তা নিশ্চিত করতে পারেনি। পুলিশ জানায়, শনিবার রাত আড়াইটার দিকে লালমোহন ধলিগৌরনগর ইউনিয়নের জনতা বাজার ফাঁড়ির পুলিশ লালমোহনের মেঘনা নদীতে অভিযান চালায়। এসময় পুলিশকে লক্ষ্য করে ২০ থেকে ২৫ জন জলদস্যু গুলি ছুঁড়তে শুরু করে। খবর পেয়ে ভোলা পুলিশ সুপার মোঃ মনিরুজ্জামান ও লালমোহন সার্কেলের সহকারী পুলিশ সুপার মাহফুজুর রহমানের নেতৃত্বে লালমোহন, তজুমদ্দিন ও মনপুরা থানা থেকে যৌথভাবে পুলিশ ভোর ৪টার দিকে অভিযানে নামে। এ অভিযানে জলদস্যুদের সাথে পুলিশের ৬৯ রাউন্ড গুলি বিনিময় হয়। লালমোহন থানার ওসি (তদন্ত) জানান, পুলিশের সাথে বন্দুকযুদ্ধের এক পর্যায়ে জলদস্যুরা মনপুরা উপজেলার ঢালচর এলাকায় গহীন জঙ্গলে পালিয়ে যায়। এসময় ৪/৫ জন জলদস্যুকে গুলিবিদ্ধ অবস্থায় তাদের সঙ্গীরা কাঁধে করে নিয়ে গেছে। জলদস্যুদের ফেলে যাওয়া একটি বড় ইঞ্জিনচালিত ট্রলার আটক করা হয়েছে। পুলিশ সুপার জানান, গুলিবিদ্ধ জলদস্যুদের মধ্যে কেউ নিহত হয়েছে কীনা তা জানা যায়নি। পুলিশ জঙ্গলের একাংশে অভিযান চালালেও কেউ গ্রেফতার হয়নি।