সঠিক প্রযুক্তি ব্যবহার না করার অভিযোগ

ঘোড়াশালে শীতলক্ষ্যা নদীর ওপর সিগন্যালিংসহ টঙ্গী হতে ভৈরববাজার পর্যন্ত ডাবল লাইন প্রকল্পের আওতায় ব্রিজ নির্মাণে সঠিক প্রযুক্তি ব্যবহার না করে স্থানীয় পদ্ধতিতে ব্রিজ নির্মাণ করার অভিযোগ উঠেছে। জানা গেছে, চীনের ঠিকাদারী প্রতিষ্ঠান চায়না রেলওয়ে গ্রুপ লিমিটেডের অধীনে বাংলাদেশের সাব-ঠিকাদারী প্রতিষ্ঠান ম্যাকস অটো-মোবাইল প্রোডাকশন ও এলএসআইএম এই ব্রিজ নির্মাণের কথা। কিন্তু বাস্তবে কাজ করছে অন্য একটি ঠিকাদারী প্রতিষ্ঠান। ঐ প্রতিষ্ঠান ব্রিজ নির্মাণে যথাযথ প্রযুক্তির ব্যবহার না করায় এলাকাবাসীর মনে প্রতিষ্ঠানটির কর্মদক্ষতা ও অভিজ্ঞতা নিয়ে প্রশ্ন উঠেছে। এ ব্যাপারে ওই ঠিকাদারী প্রতিষ্ঠানের ম্যানেজারের সাথে যোগাযোগ করলে তিনি প্রসঙ্গ এড়িয়ে যান। তবে নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান, অতীতে তারা নদীর উপরে এ ধরনের বড় কোন ব্রিজ নির্মাণের কাজ করেনি। ব্রিজ নির্মাণের প্রয়োজনীয় মেশিনারিজের অভাবে তারা যা করছেন তাতে নদী ভরাট হয়ে যেতে পারে। এদিকে চায়না রেলওয়ে গ্রুপের এক দোভাষী জানান, চুক্তিপত্রে উল্লেখ আছে কাজের প্রয়োজনে তাদের যতটুকু নদী ভরাট করা দরকার তা তারা করতে পারবেন। কিন্তু স্থানীয় এলাকাবাসীর দাবি নদীর ধারা অক্ষুন্ন রেখে যথোপযুক্ত প্রযুক্তি এবং যন্ত্রপাতি ব্যবহার করে ব্রিজ নির্মাণ করতে হবে।