সৈয়দপুরে ৫২ লাখ টাকার আলু বীজ নষ্ট

সৈয়দপুরে হিমাগার কর্তৃপক্ষের অবহেলায় সজীব সিডস্’র সাড়ে ৫২ লাখ টাকার বীজ আলু নষ্ট হয়ে গেছে বলে জেলা প্রশাসক বরাবর অভিযোগ করা হয়েছে। অভিযোগে জানা যায়, সজীব সিডস্ এ বছর ১০৩.৬৫ টন ভিত্তি বীজ আলু, কার্ডিনাল ১৯ টন, ডায়মন্ড ১৩ টন ও গ্রানুলা ১২.৮৫ টন বীজ আলু সৈয়দপুরের ইসমাইল বীজ হিমাগারে সংরক্ষণ করে। গত ২ জুলাই বীজ প্রত্যয়ন কর্মকর্তারা পরিদর্শন করে বাজারজাতকরণের চার মাস আগে বীজ আলু অঙ্কুরিত হয়েছে দেখতে পান। ফলে ৩৭.৪ টন আলুর প্রত্যয়ন বাতিল করেন এবং সেই সঙ্গে হিমাগার কর্তৃপক্ষকে সতর্ক করে দেন। পরে ২৪ জুলাই বীজ প্রত্যয়ন এজেন্সীর প্রধান মাঠ কর্মকর্তা আবু ইউসুফ মিয়ার নেতৃত্বে আঞ্চলিক বহিরাঙ্গন কর্মকর্তা ও জেলা বীজ প্রত্যয়ন এজেন্সী বহিরাঙ্গন পুনরায় হিমাগার পরিদর্শন করেন। পরিদর্শনে অবশিষ্ট ৬৬.১৫ টন ভিত্তি বীজ আলু অঙ্কুরিত দেখতে পান। ফলে কর্মকর্তারা ওই হিমাগারে সংরক্ষিত ১০৩.৬৫ টন ভিত্তি শ্রেণির বীজ আলুর প্রত্যয়ন বাতিল করেন। এতে সজীব সিডসে্র সাড়ে ৫২ লাখ টাকা ক্ষতি হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।