পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ১০ আহত ২৪

বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় গোপালগঞ্জ, রাঙ্গামাটির রাজস্থলী, মৌলভীবাজার, বাগেরহাট, খুলনা, গোদাগাড়ী, গাজীপুর, ধুনট, পানছড়ি, কাহালু ও কমলগঞ্জসহ বিভিন্ন স্থানে নিহত ১০ আহত হয়েছে ২৪ জন।— খবর ইত্তেফাক জেলা প্রতিনিধি ও সংবাদদাতাদের। গোপালগঞ্জ গোপালগঞ্জে গতকাল সোমবার দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কে গোপীনাথপুরে কলেজ ছাত্র মারুফ হোসেন মোল্লা (১৮) নামে বাস চাপায় একজন নিহত হয়েছে। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে একটি গাড়ি ভাংচুর করে। নিহত মারুফ গোপীনাথপুর কাজী জহুরুল হক কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র ও গোপালগঞ্জ সদর উপজেলার চন্দ্রদিঘলিয়া গ্রামের বশার মোল্লার ছেলে। রাঙ্গামাটি রাঙ্গামাটির রাজস্থলী উপজেলার ইসলামপুরে গত রবিবার বিকালে চাঁদের গাড়ি ও সিএনজির অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মহিলাসহ ২ জন নিহত ও ৫ জন আহত হয়েছে। তারা রাজস্থলী উপজেলা সদর থেকে বয়স্ক ভাতা নিয়ে বাড়ি ফেরার পথে এ দুর্ঘটনার শিকার হন। নিহতের দুইজনের পরিচয় জানা যায়নি। মৌলভীবাজার মৌলভীবাজারের শেরপুরে গত রবিবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কে বাস চাপায় জামায়াতের মৌলভীবাজার পৌর শাখার সাধারণ সমপাদক ও ছাত্র শিবিরের সাবেক সভাপতি অ্যাডভোকেট কবির আহমদ চৌধুরী (৩৮) মারা যায়। এ ঘটনায় আরো চারজন আহত হয়েছে। নিহত কবির আহমদ চৌধুরীর বাড়ি হবিগঞ্জ জেলার বাহুবল গ্রামে। আহতদেরকে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিতলমারী (বাগেরহাট) খুলনা-মংলা মহাসড়কের ইলাইপুর সাউদার্ন সি ফুডের সামনে গত রবিবার বাস চাপায় মোটর সাইকেল চালক গৌতম চক্রবর্তী নিহত ও আরো দু’জন গুরুতর আহত হয়েছে। নিহত মোটর সাইকেল চালক বাগেরহাট জেলার খানপুরের প্রাণতোষ চক্রর্তীর ছেলে ও ছাত্রলীগ নেতা। ছোট ভাই রাজু চক্রবর্তী ও একই এলাকার জিল্লুর রহমানের স্ত্রী পান্না হীরা। আহত দু’জনকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গোদাগাড়ী (রাজশাহী) রাজশাহীর গোদাগাড়ীতে গত রবিবার সকালে বাসের ধাক্কায় সোনালী খাতুন (৬) নামে এক স্কুল ছাত্রী নিহত হয়েছে। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। নিহত ছাত্রী গোদাগাড়ী পৌর এলাকার সারাংপুর গ্রামের আজাদ আলীর মেয়ে। সোনালীর মৃত্যুর খবর স্কুলে ছড়িয়ে পড়লে শোকের ছায়া নেমে আসে। গাজীপুর গাজীপুর মহানগরের বড়বাড়ি এলাকায় জয়বাংলা সড়কে গত রবিবার ট্রাক চাপায় মোফাজ্জল মিয়া (৩৫) নামের এক রিকশা চালক নিহত হয়েছে। সে ময়মনসিংহের হনিয়া গ্রামের চন্দ্রা মিয়ার ছেলে। পরে স্থানীয় লোকজন ট্রাক ও চালককে আটক করে পুলিশে দেয়। ধুনট (বগুড়া) বগুড়ার ধুনটে গত রবিবার দুপুরে ট্রাক চাপায় নাজমুল হোসেন (১২) নামের এক স্কুল ছাত্র নিহত হয়েছে। সে উপজেলার পারলক্ষিপুর গ্রামের বাদশা মিয়ার ছেলে কালেরপাড়া উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র। এ ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী ঘাতক ট্রাকটিকে আটকের পর ভাংচুর ও অগ্নিসংযোগ করে রাস্তার পাশে খাদে ফেলে দেয় এবং সড়ক অবরোধ করে। ট্রাক চালক ও হেলপারকে গ্রেফতার করা হয়েছে। পানছড়ি (খাগড়াছড়ি) খাগড়াছড়ির পানছড়ি-দুদুকছড়ার পুজগাংয়ে গত রবিবার দুপুরে যাত্রীবাহী জীপ গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে পাহড়ের নিচে পড়ে দুর্ঘটনায় ১১ জন আহত হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে যাত্রীদের উদ্ধার করে পানছড়ি সদর হাসপাতালে ভর্তি করেছে। কাহালু (বগুড়া) গতকাল সোমবার সকালে বগুড়া-সান্তাহার সড়কের কাহালু উপজেলার কালিয়ার পুকুর নামক বাসস্ট্যান্ডের কাছে বাসের নীচে পিষ্ট হয়ে শরিফুজ্জামান শরিফ (২০) নামে এক মাদ্রাসা ছাত্র মারা গেছে। শরিফ কাহালু উপজেলার পাইকড় উত্তরপাড়া গ্রামের ইসমাইল হোসেনের পুত্র। কমলগঞ্জ (মৌলভীবাজার) গত রবিবার ভোরে কমলগঞ্জ উপজেলার শমশেরনগর রেল স্টেশনের ডাউন আউটার সিগনালের এলাকা থেকে ট্রেনে কাটা অজ্ঞাত এক মহিলা ভিক্ষুকের লাশ জিআরপি পুলিশ উদ্ধার করে। লাশ ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।