না.গঞ্জে প্যাকেজিং কারখানায় আগুন

ফতুল্লার টাগারপাড় এলাকায় আর বি প্যাকেজিং নামের একটি কারখানায় সোমবার ভোরে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেছে মেশিনসহ বিপুল পরিমাণ কাগজ, কার্টন, কাগজ তৈরির কাঁচামাল ও কাগজের রোল। আগুন নিভাতে গিয়ে আহত হয়েছে ২ জন। কারখানা মালিক রোকনউদ্দিন সাংবাদিকদের জানান, ভোর ৩টায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে। আগুন মুহূর্তের মধ্যে পুরো কারখানায় ছড়িয়ে পড়ে। এতে পুড়ে যায় ৪টি মেশিন, কাগজের রোল, কাগজ তৈরির কাঁচামাল ইত্যাদি। এতে প্রায় ৭০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক সাইফুল ইসলাম জানান, ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় ১ ঘণ্টা চেষ্টার পর সকাল সোয়া ৪টায় আগুন নিয়ন্ত্রণে আনে। মালিকপক্ষ ৭০ লাখ টাকা ক্ষয়ক্ষতি দাবি করলেও আমাদের হিসেবে ক্ষতির পরিমাণ ৭ থেকে ৮ লাখ টাকা হতে পারে। তবে বিষয়টি তদন্ত চলছে।