ভোলায় স্বাভাবিক হলো বিদ্যুত্ সরবরাহ

বির্পযয়ের ১৫ দিন পর ভোলায় বিদ্যুত্ পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। গত ১০ আগষ্ট ৩৪ দশমিক ৫ মেগাওয়াট বিদ্যুত্ কেন্দ্র বিকল হয়ে পড়লে ভোলা অন্ধকারে নিমজ্জিত হয়। গতকাল রবিবার বরিশাল-ভোলা ৩৩ কেভি গ্রিড লাইনটি চালু হওয়ার পর ভোলায় এখন আর লোড শেডিং নেই। ওজপাডিকোর এমডি আবুল কালাম আজাদ বরিশালের লাহার হাট থেকে জানান, কালাবাদর নদীর তলদেশে নতুন করে দুইটি আন্ডার গ্রাউন্ড ক্যাবল ফেলার মাধ্যমে (প্রতিটি সাড়ে তিন কিলোমিটার দীর্ঘ) নষ্ট হয়ে থাকা বরিশাল-ভোলা ৩৩ কেভি সঞ্চালন লাইনটি গতকাল সন্ধ্যায় চালু করা হয়েছে। এর আগে তেঁতুলিয়া নদীর তলদেশে পাঁচ কিলোমিটার আন্ডার গ্রাউন্ড ক্যাবল ফেলে পটুয়াখালী-ভোলা সঞ্চালন লাইন চালু করা হয়। যার মাধ্যমে অন্ধকারে নিমজ্জিত ভোলায় ১২ দিন পর সীমিত বিদ্যুত্ পাঠানো সম্ভব হচ্ছিল। উল্লেখ্য, দীর্ঘদিন ধরে এ সঞ্চালন লাইন দুইটি নষ্ট ছিল। ভোলা বিদ্যুত্ সরবরাহ পেতো বিকল হয়ে পড়া ৩৪ দশমিক ৫ মেগাওয়াট বেসরকারি বিদ্যুত্ কেন্দ্র থেকে।