ফতুল্লায় খেলা নিয়ে সংঘর্ষ নারীসহ আহত ১৫
প্রকাশ : ২৬ আগস্ট ২০১৩, ২২:৩৮
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় ক্রিকেট খেলাকে কেন্দ্র করে বিরোধের জের ধরে রবিবার রাতে প্রতিপক্ষের হামলায় নারীসহ অন্তত ১৫ জন আহত হয়েছে। হামলার সময়ে ভাংচুর করা হয়েছে ৪টি ঘর।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ধর্মগঞ্জ চটলার মাঠে রবিবার বিকেলে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে জুলু মিয়ার ছেলে তানভীরের সঙ্গে একই এলাকার খলিল হাজী, ইসমাইলের পরিবারের লোকজনদের মধ্যে বাকবিতণ্ডা ঘটে। এর বিরোধের জের ধরে রাত সাড়ে ১২টায় জুলু মিয়ার পক্ষের ৪০ থেকে ৫০ জন লাঠিসোটা, হকিস্টিক, রড, রাম দা, ধারালো অস্ত্র নিয়ে খলিল হাজী ও ইমাইলের বাড়িতে হামলা চালিয়ে ৩টি বসত ঘর ও একটি দোকান ঘর ভাংচুর করে ব্যাপক লুটপাট করা হয়। বাড়ি থেকে প্রায় ১০ভরি স্বর্ণ ও প্রায় ১লাখ টাকা লুট করা হয়েছে বলেও অভিযোগ রয়েছে। এক পর্যায়ে স্থানীয় একটি মসজিদের মাইকে ডাকাত ঘোষণা দিলে এলাকার লোকজন জড়ো হলে হামলাকারীরা পালিয়ে যায়।
ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় মামলা হচ্ছে।