বান কি মুন নির্দলীয় সরকারের পক্ষে মত দিয়েছেন :মওদুদ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, সারা বিশ্বে যে জনমত সৃষ্টি হয়েছে তাতে নির্দলীয় সরকার ছাড়া দেশে নির্বাচন সম্ভব নয়। জাতিসংঘের মহাসচিব বান কি মুন নির্দলীয় সরকারের পক্ষে মত দিয়েছেন। গণতন্ত্র রক্ষার জন্য কোনো দলীয় সরকারের অধীনে নির্বাচন হবে না। যত শক্ত কথাই বলেন না কেন আপনাদের অবস্থান দুর্বল। সরকারের শক্ত অবস্থান অক্টোবর থেকে গলতে শুরু করবে। গতকাল সোমবার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি একথা বলেন। ‘রাজনীতি, অর্থনীতি ও সমাজ উন্নয়নে প্রবাসীদের ভূমিকা’ শীর্ষক এ আলোচনা সভার আয়োজন করে ‘নোয়াখালী ওয়েব’ নামের অনলাইন পত্রিকা। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম-মহাসচিব বরকত উল্লাহ বুলু, সংসদ সদস্য ভিপি জয়নাল, ছাত্র বিষয়ক সম্পাদক শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি, নোয়াখালী ওয়েবের সম্পাদক ও প্রকাশক খালেদ সাইফুল্লাহ প্রমুখ।