তত্ত্বাবধায়ক ইস্যুতে শিগগিরই মাঠে নামবে বিএনপি
প্রকাশ : ২৬ আগস্ট ২০১৩, ২৩:০১
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তত্ত্বাবধায়ক ইস্যুতে শিগগিরই রাজপথে নামবে বিএনপি। তত্ত্বাবধায়ক নিয়ে শেখ হাসিনা ছিয়ানব্বই সালে যে আন্দোলন করেছিলেন সেই আন্দোলনের দিকে আমরাও যাবো।সোমবার সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার আকচা পশ্চিম ইউনিয়নে এক গণসংযোগ ও মতবিনিময় সভায় তিনি আরো বলেন, নিজেদের মতো নির্বাচন করার যে পরিকল্পনা সরকার নিয়েছে তা জনগণ মেনে নেবে না। এ সরকার জনগণের ভাষা বোঝে না, গায়ের জোরে দেশ চালাতে চায়। ভারতকে ট্রানজিট দিয়েছে, কিন্তু দেশের স্বার্থে ভারতের কাছ থেকে কিছুই আদায় করতে পারেনি।
এ সময় আকচা পশ্চিম বিএনপির সভাপতি ইউনুস আলীর সভাপতিত্বে বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক তৈমুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুল্লাহ মাসুদ, সাংগঠনিক সম্পাদক পয়গাম আলী, সদর থানা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন লাল প্রমুখ। পরে ওই এলাকার আওয়ামী লীগের দুই শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান করেন।