রংপুরে হান্নান শাহ্র গাড়ি ভাঙচুর করেছে ছাত্রদল

ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সভাপতি আহসান হাবিব প্রান্তর সঙ্গে দুর্ব্যবহার ও তাকে বক্তব্য রাখার সুযোগ না দেয়ায় গতকাল সোমবার রাতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার (অব:) হান্নান শাহেক লাঞ্ছিত ও তার গাড়ি ভাঙচুর করেছে ছাত্রদলের বিক্ষুব্ধ নেতাকর্মীরা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রংপুরে আগমন উপলক্ষে সন্ধ্যা ৬টার দিকে নগরীর একটি হোটেলে প্রস্তুতিমূলক সভায় প্রান্তর সাথে হান্নাহ শাহ্ দুর্ব্যবহার করেন এবং তাকে বক্তব্য রাখার সুযোগ দেন না। পরে ছাত্রদলের নেতাকর্মীরা ঐ সভা বর্জন করে। তারা হান্নাহ শাহ্র বিরুদ্ধে স্লোগান দেয় এবং হোটেলের নিচে পটকার বিস্ফোরণ ঘটায়। রাত সাড়ে ৯টার দিকে প্রস্তুতিমূলক সভা শেষ হলে হান্নান শাহ্র গাড়িটি জাহাজ কোম্পানি মোড় এলাকায় এলে বিক্ষুব্ধ ছাত্রদলের নেতাকর্মীরা গাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে। পরে তকে পুলিশ উদ্ধার করে নিয়ে যায়। ভাঙচুরের পরপরই জাহাজ কোম্পানি মোড় এলাকার সকল দোকানপাট বন্ধ হয়ে যায়। এ ঘটনায় ছাত্রদলের একটি গ্রুপ তাত্ক্ষণিকভাবে মিছিল বের করে ও ঘটনার জন্য আওয়ামী লীগকে দায়ী করে। আগামী ১৫ সেপ্টেম্বর বিএনপি চেয়ারপরসনের রংপুরে জনসভা করতে যাওয়ার কথা রয়েছে।