রাজধানীতে বিএনপির গণসংযোগ শুরু আজ

আন্দোলনের প্রস্তুতি হিসাবে আজ মঙ্গলবার ঢাকা মহানগরী বিএনপির গণসংযোগ শুরু হচ্ছে। রাজধানীর ১৫টি সংসদীয় আসনে কর্মী সমাবেশ করবে বিএনপি। এরপর ঢাকার ৪৯টি থানা ও ১০০টি ওয়ার্ডে যৌথ কর্মীসভা অনুষ্ঠিত হবে। ১০ সেপ্টেম্বর ঢাকা মহানগরীতে বের করা হবে গণমিছিল। আজ বেলা ৩টায় কাজীপাড়া প্রাথমিক বিদ্যালয়ের পূর্ব পাশে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন ঢাকা মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আলী আজগর মাতাব্বর। কর্মীসভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক সাদেক হোসেন খোকা। বিশেষ অতিথি থাকবেন বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব আবদুস সালাম। এছাড়া কর্মীসভায় কেন্দ ীয় ও মহানগর বিএনপি নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। কাল সাতক্ষীরা যাবে প্রস্তুতি টিম এদিকে বিএনপির সিনিয়র নেতাদের নিয়ে গঠিত ৫৬টি আন্দোলন প্রস্তুতি টিমের সাতক্ষীরা জেলার দল নেতা বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, সাবেক এমপি নাজিম উদ্দিন আলম সাংগঠনিক সফরে আগামীকাল বুধবার সাতক্ষীরা যাবেন। সেখানে তিনি সমাবেশ করবেন এবং আন্দোলনের দিক নির্দেশনামূলক বক্তব্য রাখবেন।