বিএনএফের নিবন্ধন নিয়ে বিপাকে ইসি
প্রকাশ : ২৬ আগস্ট ২০১৩, ২৩:১৪
দ্বিতীয় দফাতেও রাজনৈতিক দলের নিবন্ধন শর্ত পূরণে ব্যর্থ বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট-বিএনএফ নিয়ে বিপাকে পড়েছে নির্বাচন কমিশন (ইসি)। প্রধান বিরোধী দল বিএনপির আদলে নবগঠিত বিএনএফের নিবন্ধন দেয়া নিয়ে কমিশনেই মতবিরোধ দেখা দিয়েছে। বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে দুইজন নির্বাচন কমিশনার দলটির নিবন্ধন না দেয়ার পক্ষে অবস্থান নিয়েছে। ইসি’র সংশ্লিষ্ট সূত্রে এ খবর পাওয়া গেছে।
জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে নিবন্ধনের জন্য ৪১টি দল আবেদন করেছিল। এর মধ্যে প্রাথমিকভাবে ইসি বিএনএফ ও বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটকে নিবন্ধন দেয়ার জন্য বিবেচনায় নেয়। তবে বিএনপি বিএনএফকে নিবন্ধন না দেয়ার জন্য ইসিকে অনুরোধ জানায়। এক পর্যায়ে তারা অভিযোগ করে, ইসি মানুষকে বিভ্রান্ত করার জন্য গমের শীষ প্রতীক দিয়ে বিএনএফকে নিবন্ধিত করার চেষ্টা চালাচ্ছে। রাজনৈতিক দলের নিবন্ধন আইন অনুযায়ী ২২টি জেলা ও ১০০টি উপজেলায় দলের কমিটি ও দপ্তর থাকতে হবে। কমিশন সূত্র জানায়, আবেদনে বিএনএফ ৩৬ জেলা ও ১৩৪ উপজেলায় তাদের দপ্তর ও কমিটি আছে বলে উল্লেখ করেছিল। তবে ইসির প্রাথমিক তদন্তে ১৯ জেলা ও ৩২ উপজেলায় দপ্তর ও কমিটির হদিস পাওয়া যায়। এরপর চার আগস্ট বিএনএফ সময় বাড়ানোর আবেদন করে জানায়, একটি বিশেষ দল বিভিন্ন উপজেলায় তাদের দপ্তর ভেঙ্গে দিয়েছে। আবেদনের পরিপ্রেক্ষিতে ইসি দলটিকে অতিরিক্ত ১৫ দিন সময় দেয়। ইসি দ্বিতীয় দফায় তদন্ত করে ২৬ জেলা ও ৮৮ উপজেলায় বিএনএফের দপ্তর খুঁজে পেয়েছে। বিভিন্ন জেলা ও উপজেলা থেকে আসা এসব তদন্ত প্রতিবেদন গতকাল পরীক্ষা-নিরীক্ষা করা হয়।
সার্বিক বিষয়ে বিএনএফের প্রধান সমন্বয়কারী আবুল কালাম আজাদ সাংবাদিকদের বলেন, আমরা প্রতীক হিসাবে এখন আর গমের শীষ চাই না। নিবন্ধন পাওয়ার ব্যাপারেও শতভাগ আশাবাদী নই। কারণ একটি বিশেষ দল আমাদের বিরোধিতা করছে।