আদমদীঘিতে শিরিনা সাড়ে ৮ মাস পর মারা গেলেন
আদমদীঘি (বগুড়া) সংবাদদাতা
প্রকাশ : ২৬ আগস্ট ২০১৩, ২৩:১৫
জেলার আদমদীঘিতে স্ত্রী তালাক দেয়ার পরও স্বামী গত বছরের ১৩ ডিসেম্বর তার সাবেক স্ত্রী শিরিনা আক্তারের ২ পায়ের রগ কেটে হত্যার চেষ্টা করে। এরপর দীর্ঘ সাড়ে ৮ মাস মৃত্যুর সাথে লড়াই করে অবশেষে গতকাল সোমবার ভোরে শিরিন তার বাবার বাড়িতে মারা যান। পুলিশ তার মৃতদেহ উদ্ধার করে বগুড়া মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় শিরিনার বাবা বাদী হয়ে স্বামী সোহেল ইবনে করিমসহ ৪/৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। পুলিশ শিরিনার সাবেক স্বামীকে গ্রেফতার করে কারাগারে পাঠায়।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, আদমদীঘির ডুমুরী গ্রামের আজিজার রহমানের মেয়ে শিরিনা আক্তারের সাথে একই উপজেলা তালশন গ্রামের সোহেল ইবনে করিমের সাথে প্রেম করে বিয়ে হয়। বিয়ের পর তাদের দাম্পত্য জীবনে অশান্তি নেমে এলে শিরিনা তার স্বামীকে তালাক দিয়ে বাবার বাড়িতে থাকতে শুরু করে। এরপর গত ১৩ ডিসেম্বর বিকালে সাবেক স্বামী সোহেলসহ ৪/৫ জন শিরিনাকে বাড়ি থেকে ধরে নিয়ে গিয়ে মাথায় ও বুকে আঘাত করে অজ্ঞান করে। পরে তারা ২ পায়ের রগ কেটে দিয়ে তাকে হত্যার চেষ্টা করে পালিয়ে যায়। এ ঘটনার দীর্ঘ সাড়ে ৮ মাস মৃত্যুর সাথে লড়াই করে গতকাল ভোরে শিরিনা মারা যান।