আমার প্রিয় বই

আমার প্রিয় বইটির নাম মক্তব সাহিত্য। এই বইটি লিখেছেন কাজী নজরুল ইসলাম। মক্তব সাহিত্য প্রথম প্রকাশিত হয় কবে তা জানা যায়নি। তবে দ্বিতীয় সংস্করণ প্রকাশিত হয় ১৯৩৬ খ্রিস্টাব্দে। তখন বইটি বঙ্গদেশের মক্তব ও মাদ্রাসায় প্রথম শ্রেণির জন্য অবশ্য পাঠ্যরূপে অনুমোদিত হয়। সম্প্রতি বইটি ঢাকার নজরুল ইনস্টিটিউট থেকে প্রকাশিত হয়েছে। এটি নজরুল ইনস্টিটিউট প্রথম দুষ্প্রাপ্য গ্রন্থ হিসেবে প্রকাশ করে ২০০০ সালে। এটি সম্পাদনা করেছেন কবি মুহম্মদ নূরুল হুদা। বইটি কাজী নজরুল তার রচনা এবং অন্যের রচনা দিয়ে সাজিয়েছেন। বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুর, জীবনানন্দ দাশের মা মানকুমারী দাশ, অচিন্ত্যকুমার সেনগুপ্ত ও ডা. চুনিলাল বসু ছাড়া বাকি সবগুলো রচনাই কাজী নজরুল ইসলামের লেখা। লেখাগুলো উপদেশধর্মী ও শিক্ষণীয়। বইটির শুরু সুরা ফাতেহার অনূদিত কবিতা মোনাজাত দিয়ে, আরো আছে বিষয়ভিত্তিক ছড়া, কবিতা ও নিবন্ধ। সহজ-সরল ভাষায় বইটি রচিত। পাতায় পাতায় অলঙ্করণ। উল্লেখযোগ্য লেখাগুলোর মধ্যে আলস্যের ফল (রবীন্দ্রনাথ), পানি, ঈদের দিনে, চাষী, কাবা শরীফ, কোরআন শরীফ, উদ্ভিদ আল্লাহ তায়ালা, আমাদের খাদ্য, হজরতের মহানুভবতা, গোরু, আদর্শ ছেলে (মানকুমারী দাশ), পরিচ্ছদ, সত্যরক্ষা ও হার-জিত (রবীন্দ্রনাথ) ভীষণ ভালো লেগেছে। নজরুল ইনস্টিটিউট এই বইটি প্রকাশ করে এবং পাঠকদের পড়ার সুযোগ করে দিয়ে একটি ঐতিহাসিক ভূমিকা পালন করেছে। মো. পারভেজ হোসাইন সদস্য নম্বর: ১৯৮৬ সপ্তম শ্রেণী আরব মিশন পাবলিক স্কুল, ঢাকা।